ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের রাজধানী নয়া দিল্লিতে হিজড়া স¤প্রদায়ের মহাসমাবেশে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে।
রাজধানীর পূর্বাঞ্চলীয় নন্দ নাগরির একটি কমিউনিটি সেন্টারে সর্বভারতীয় মহাসমাবেশে প্রায় এক হাজার হিজড়া জমায়েত হয়েছিল বলে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি ও আল জাজিরা জানায়।
কমিউনিটি হলের সামনেই বেশকিছু অস্থায়ী তাঁবু খাটানো ছিল। সেখানে অনেক মানুষ অবস্থান করছিল। ওই তাঁবুগুলোতেই রোববার সন্ধ্যা ৭ টার দিকে আগুন লাগে বলে জানা যায়।
রোববার ছিল ৩দিন ব্যাপী চলা ওই মহাসমাবেশের শেষ দিন ।
আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত অকূস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্মকর্তারা দাবি করেছেন, কোন এক তাঁবুতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সেখান থেকে অন্যত্র তা ছড়িয়ে পড়ে।
তবে পুলিশ হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে দাবি করেছে হিজড়াদের একটি গোষ্ঠী। এর প্রতিবাদে তারা ২০ দিনের কর্মসূচিও ঘোষণা করেছে।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সঞ্জয় জাইন বলেন, “এটি বেসরকারি একটি একটি সমাবেশ, সরকারি কোনো কর্মসূচি নয়। তা ছাড়া এ ব্যাপারে আমাদের কাছে কোনো সহায়তাও চাওয়া হয় নি।”
দিল্লি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
ভারতে প্রায় ৭ লাখ হিজড়া রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৬ ঘ.
bdnews24