২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসকে না হলেও চলবে: মমতা

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্য যুব কংগ্রেসের বিক্ষোভে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ক্ষমতাসীন জোটের বড় শরিক কংগ্রেসকে হুঁশিয়ার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বললেন, জোট টিকিয়ে রাখার দায় কংগ্রেসেরই। আর তাদের সমর্থন না হলেও তৃণমূলের সমস্যা হবে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে শুক্রবার পশ্চিমবঙ্গে যুব কংগ্রেসের বিক্ষোভের পরপরই মমতা এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে। কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে মমতা নেতৃত্বাধীন তৃণমূল নেতা-কর্মীরা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস উভয়ই কেন্দ্রীয়ভাবে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স) অংশীদার। যুব কংগ্রেসের বিক্ষোভের খবর শুনে ক্ষুব্ধ মমতা সাংবাদিকদের বলেন, "এ ধরনের কাজ তারা আগেও করেছে। তারা (কংগ্রেস) আমাদের সঙ্গে থাকবে, না তলে তলে সিপিএমকে সমর্থন দেবে, সেটা তাদেরই ভাবতে হবে। আড়ালে যারা সিপিএমের সঙ্গে জোট পাকাবে, তাদের সঙ্গে তৃণমূল নেই।" "কংগ্রেস নেতারা আমাদের অতীষ্ঠ করে তুলছেন। তারা কি ভাবছেন না, দিল্লিতে আমাদের সমর্থন ছাড়া তারা সরকার টিকিয়ে রাখতে পারবেন না, কিন্তু এই পশ্চিমবঙ্গে তাদের সমর্থন ছাড়াও আমাদের সরকার টিকে থাকবে," বলেন তৃণমূল প্রধান। পশ্চিমবঙ্গে তিন দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে এবারই ক্ষমতায় এলো তৃণমূল ও কংগ্রেসের জোট। তবে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের একারই রয়েছে। এক সময়ের কংগ্রেস নেতা মমতা এক যুগ আগে আলাদা দল গঠন করেন। এক সময় কংগ্রেসের প্রতিপক্ষ বিজেপির সঙ্গে জোট বাঁধলেও গত জাতীয় নির্বাচনের আগে জোট বাঁধেন নিজের আগের দল কংগ্রেসের সঙ্গে। মমতা নিজে এক সময় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তৃণমূলের বিরুদ্ধে যুব কংগ্রেসের বিক্ষোভ নিয়ে সোনিয়াকে নালিশ করবেন কি না- জানতে চাইলে মমতা বলেন, "ওই সব নালিশ-টালিশে আমি নেই। এখন যা বলছি, তাতেই তাদের (কংগ্রেস) কাছে বার্তা পৌঁছে যাবে বলে মনে করি।" এক সঙ্গে জোটে থাকলেও কিছুদিন আগে তেলের দাম বাড়ানোর পর থেকে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের টানাপোড়েন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২৩৪৪ ঘ.