নুসা দুয়া, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের দ্বার খুলছে যুক্তরাষ্ট্র। আগামী মাসে মিয়ানমার সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মিয়ানমারের 'অগ্রযাত্রায় আশার আলো' দেখেছেন বলে শুক্রবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এতেই উৎসাহিত হয়ে তিনি মিয়ানমারে পাঠাচ্ছেন হিলারিকে।
মিয়ানমার গণতান্ত্রিক সংস্কার চালিয়ে যেতে থাকলে তাদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার প্রতিশ্র"তিও দিয়েছেন ওবামা।
ইন্দোনেশিয়ার বালিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের শীর্ষ সম্মেলনে ওবামা মিয়ানমারের নোবেলজয়ী গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচির সঙ্গে তার প্রথম কথা হয়েছে বলে জানান।
আর এ সময়ই দেশটিতে আগামী মাসে হিলারিকে পাঠানো হবে বলেও জানান তিনি।
ওবামা বলেন, "মিয়ানমারে কয়েকবছরে আমরা রাজবন্দিদের মুক্তি দেখেছি, গণমাধ্যমের ওপর কড়াকড়ি কমতে দেখেছি, সু চি কেও গৃহবন্দিত্ব থেকে মুক্ত দেখেছি। গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এসবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
"মিয়ানমার এ পথে আরো এগুতে থাকলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে পারবে।"
আর এর ব্যতিক্রম হলে মিয়ানমার নিষেধাজ্ঞার কবলেই থেকে যাবে এবং আরো বিচ্ছিন্নতার মুখে পড়বে বলে ওবামা সতর্ক করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩২ঘ.
bdnews24