ওয়াশিংটন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচ জন শিশুর একজন দারিদ্রপীড়িত। আদম শুমারিতে এ তথ্য বেরিয়ে এসেছে।
বৃহস্পতিবার প্রকাশিত আদম শুমারির প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের শুমারিতে পাওয়া চিত্রে ২১ দশমিক ৬ শতাংশ শিশু দারিদ্রের মধ্যে রয়েছে বলে দেখা গেছে। আগের বছর ২০০৯ সালে এই হার ছিলো ২০ শতাংশ।
চার সদস্যের পরিবারের বার্ষিক আয় ২২ হাজার ৩১৪ ডলার হলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় সরকারের নির্ধারিত ব্যাখ্যা অনুযায়ী পরিবারটি দারিদ্র সীমার মধ্যে পড়বে।
২০০৯ সালে এ সীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা ছিলো ১ কোটি ৪৭ লাখ। ২০১০ সালে এ সংখ্যা ১ কোটি ৫৭ লাখে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দারিদ্রের মধ্যে বেঁচে থাকা শিশুদের মানসিক ও আচরণগত জটিলতা দেখা দেয় এবং তারা লেখাপড়াও পুরোপুরি শেষ করে না। ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা বেকারত্বের সমস্যায় পড়ে।
আদম শুমারিতে যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, ২০০৭ সালে শুরু মন্দা দুবছর আগে শেষ হলেও দেশটির দারিদ্রের হার ১৫ দশমিক ৩ শতাংশ। বেকারত্বের হার ৯ শতাংশ।
বর্তমানে দেশটিতে দারিদ্রের হার যে কোনো সময়ের চেয়ে বেশি। ওয়াশিংটন ডিসিসহ ২৪টি অঙ্গরাজ্যে ১৭ বছরের কম বয়সীদের মধ্যে ২০ শতাংশই দারিদ্র সীমার নিচে বসবাস করছে।
আদম শুমারিতে দেখা গেছে, ২০১০ সালে ২৫টি অঙ্গরাজ্যে দারিদ্রসীমার নিচে বাস করা শ্বেতাঙ্গ শিশুদের সংখ্যা বেড়েছে।
তবে সামগ্রিকভাবে শ্বেতাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত শিশুদের মধ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের সংখ্যা কম। কিন্তু কৃষ্ণাঙ্গ শিশুদের মধ্যে ৩৮ দশমিক ২ শতাংশ শিশুই দারিদ্রপীড়িত।
হিস্পানিক শিশুদের মধ্যে এ হার ৩২ দশমিক ৩ শতাংশ, এবং দুই বা ততোধিক জাতিগত সংকর শিশুদের মধ্যে এ হার ২২ দশমিক ৭ শতাংশ।
অঙ্গরাজ্যের ভিত্তিতেও দারিদ্রের হারে রয়েছে তারতম্য।
প্রতিবেদন অনুযায়ী, দারিদ্রের মধ্যে থাকা প্রতি তিনজনের একজন শিশু দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ চারটি অঙ্গরাজ্যের কোনো একটিতে বসবাস করে। এ অঙ্গরাজ্যগুলোতে ২০০৯ ও ২০১০ সালে দারিদ্রসীমার নিচে বাস করা শিশুর সংখ্যাও বেড়েছে।
সবচেয়ে বেশি ২০লাখ দরিদ্র শিশু বাস করে ক্যালিফোর্নিয়াতে। এরপর ১৮ লাখ দরিদ্র শিশু রয়েছে টেক্সাসে। ১০ লাখের কিছু কম সংখ্যক দরিদ্র শিশু বাস করে ফ্লোরিডা ও নিউ ইয়র্কে।
২০১০ সালে ২৭টি অঙ্গরাজ্যে এসব শিশুর সংখ্যা এবং অনুপাত উভয়ই বেড়েছে। সবচেয়ে বেশি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে নিউ মেক্সিকোতে। এখানে প্রায় এক তৃতীয়াংশ শিশু দরিদ্র। একই হার পাওয়া যায় ওয়াশিংটন ডিসিতেও।
মিসিসিপিতে সবচেয়ে বেশি ৩২ দশমিক ৫ শতাংশ দরিদ্র শিশু বাস করে। সবেচেয়ে কম ১০ শতাংশ বাস করে নিউ হ্যাম্পশায়ারে।
১০টি অঙ্গরাজ্যে দরিদ্র শিশুর অনুপাত ২৫ শতাংশ বা তার চেয়ে বেশি। এগুলোর মধ্যে রয়েছে অ্যালাবামা, আরকানসাস, লুইজিয়ানা, সাউথ ক্যারোলিনা, টেনেসি, টেক্সাস ও ওয়েস্ট ভার্সিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/এলকিউ/১৫৫১ঘ.
bdnews24