২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপনে পোপের 'চুমু': আদালতে যাবে ভ্যাটিকান

পোপ বেনেডিক্ট চুমু দিচ্ছেন এক মুসলিম ইমামকে- ইতালীয় ফ্যাশন হাউজ বেনেত্তনের এমন একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ভ্যাটিকান সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ভ্যাটিকান সিটি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোপ বেনেডিক্ট চুমু দিচ্ছেন এক মুসলিম ইমামকে- ইতালীয় ফ্যাশন হাউজ বেনেত্তনের এমন একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ভ্যাটিকান সিটি। বৃহস্পতিবার ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, ওই ছবির প্রচার ও প্রকাশ বন্ধে যথাযথ আইনি পদক্ষের নেওয়ার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। "এই বিজ্ঞাপন কেবল পোপ বা ক্যাথলিক চার্চের মর্যাদাহানী ঘটায়নি, অনুসারীদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে।" এর আগে বুধবার বেনেত্তনের পক্ষ থেকে জানানো হয়, বিতর্কের পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপনটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বেনেত্তনের বিবৃতিতে বলা হয়, "এই বিজ্ঞাপনের উদ্দেশ্য ছিল সব ধরনের ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে সবাইকে জাগিয়ে তোলা। কিন্তু পোপের সঙ্গে একজন ইমামের চুম্বনের ছবি কাউকে কাউকে আহত করায় আমরা দুঃখিত।" এই প্রচারের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশ কয়েকজন বিশ্ব নেতার চুমুর মন্তাজ ছবি নিয়েও বিজ্ঞাপন প্রচার করে বেনেত্তন। একটি ছবিতে দেখা যায় ওবামা চুমু দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে। পোস্টার, ব্যানারসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় এসব বিজ্ঞাপন। বুধবার সকালেও ভ্যাটিকানের কাছে একটি সেতুর ওপর একটি বড় ব্যানারে পোপের চুমুর মন্তাজটি ঝুলতে দেখা যায়। ওইদিনই সেটি সরিয়ে ফেলা হলেও রোমের বিভিন্ন সড়কের দোকানের কাচে একই ছবির পোস্টার দেখা যায় বৃহস্পতিবারও। ইন্টারনেটেও এরইমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বেনেত্তনের এই বিজ্ঞাপন। এর আগে এক এইডস রোগীকে নিয়ে বিজ্ঞাপন প্রচার করেও ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল ইতালীয় এই ফ্যাশন হাউজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৩৪ ঘ.