নাসু দুয়া, ইন্দোনেশিয়া, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ২০১৪ সালে মিয়ানমারকে সভাপতি করতে রাজি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এর নেতারা।
মিয়ানমার রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নিতে শুরু করায় দেশটিকে এ পদে মনোনীত করা হলো বলে ধারণা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ায় ১০-সদস্যের আসিয়ান সম্মেলনে এ সিদ্ধান্ত হয়েছে।
আসিয়ানের চেয়ারম্যান পদ বার্ষিক ভিত্তিতে বদল হয়। মিয়ানমারকে সর্বসম্মতভাবেই পদটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবিসি'কে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাটালেগাওয়া।
তিনি আরো জানান, মিয়ানমারে রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে করছে আসিয়ানের সদস্য দেশগুলো।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী দল নতুন করে দেশের রাজনৈতিক ধারায় ফিরে আসতে শুরু করেছে। তবে দেশটির মানবাধিকার পরিস্থিতির আরো উন্নতি হওয়া দরকার বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মানবাধিকার রেকর্ড নিয়ে আপত্তির কারণেই গত বছর মিয়ানমারকে আসিয়ানের সভাপতিত্ব দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৯ঘ.
bdnews24