২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসায় কড়াকড়ির সুপারিশ

সুপারিশে বলা হয়েছে, যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পর কেউ স্বামী-স্ত্রী বা পোষ্যকে নিজের কাছে নিয়ে যেতে চাইলে তার বার্ষিক আয় হতে হবে ১৮ হাজার ৬০০ থেকে ২৫ হাজার ৭০০ পাউন্ডের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 06:45 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

সৈয়দ নাহাস পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লন্ডন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে ফ্যামিলি ভিসার মাধ্যমে অভিবাসনের হার দুই তৃতীয়াংশ কমিয়ে আনতে কড়াকড়ি আরোপের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে 'স্পন্সরদের' ন্যূনতম বার্ষিক আয়ের সীমা বাড়ানোর জন্য সরকারকে সুপারিশ করেছে ব্রিটেনের অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি)। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার পর কেউ স্বামী-স্ত্রী বা পোষ্যকে নিজের কাছে নিয়ে আসতে চাইলে তার বার্ষিক আয় হতে হবে ১৮ হাজার ৬০০ থেকে ২৫ হাজার ৭০০ পাউন্ডের মধ্যে। বর্তমানে এই ভিসার জন্য সর্বনিম্ন ৫ হাজার ৫শ' পাউন্ড বার্ষিক আয় দেখাতে হয়। এমএসির প্রধান ডেভিড মেটক্যাফ বলেন, সর্বনিম্ন আয়ের সীমা ১৮ হাজার ৬০০ পাউন্ড হলে অভিবাসনের হার ৪৫ শতাংশ কমবে। আর তা ২৫ হাজার ৭০০ পাউন্ড করা হলে অভিবাসন কমবে ৬৩ শতাংশ। গত বছর প্রায় ৪০ হাজার মানুষ ফ্যামিলি ভিসায় যুক্তরাজ্যে আসেন। এদের এক তৃতীয়াংশই এসেছেন ভারতীয় উপমহাদেশ থেকে। এদের মধ্যে বাংলাদেশি ছিলেন ১ হাজার ৬৭০ জন। নতুন সুপারিশ কার্যকর করা হলে এই ভিসায় অভিবাসনের হার ৪৫ থেকে ৬৩ শতাংশ কমে আসবে বলে মনে করছে উপদেষ্টা কমিটি। এমএমসির সুপারিশে বলা হয়েছে, যারা স্বামী-স্ত্রী বা পোষ্যদের যুক্তরাজ্যে নিয়ে আসতে চান, নির্ধারিত কর পরিশোধের পর থাকা-খাওয়ার খরচ ছাড়া অন্তত ৫ হাজার ৫শ' পাউন্ড বার্ষিক আয় থাকতে হবে তাদের। অর্থাৎ করের অর্থ ধরে তাদের বার্ষিক আয় হতে হবে ১৩ হাজার ৭শ' পাউন্ড। তবে এই সীমা নির্ধারণ করা হবে পরিবারটি সরকারের কাছ থেকে কী কী সুবিধা নিচ্ছে তার ওপর। এছাড়া পরিবারটি অর্থনৈতিক কার্যক্রমে কতোটা ভূমিকা রাখছে তাও বিবেচনা করা হবে। ডেভিড মেটক্যাফ জানান, "এখনকার সর্বনিম্ন সীমা ৫ হাজার ৫শ' পাউন্ড একটু কম বলেই মনে হচ্ছে। অভিবাসীরা যাতে রাষ্ট্রের বোঝা হয়ে না দাঁড়ায় সে জন্য এ সীমা আরেকটু বাড়ানোর সুপারিশ করা হয়েছে।" এমএমসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯৪ শতাংশ অভিবাসীই চান, তার সঙ্গী যুক্তরাজ্যে এসে বসবাস করুক। তবে এদের অর্ধেকই বছরে ২০ হাজার ১০০ পাউন্ডের কম আয় করেন। প্রতি চার জনের মধ্যে তিন জন আয় করেন ৩০ হাজার ৫শ' পাউন্ডের কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/কিউএইচ/জেকে/১২৩৩ ঘ.