২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে অস্ট্রেলিয়ায় ২ হাজার ৫শ মার্কিন মেরিন সেনা মোতায়েনের মধ্য দিয়ে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ক্যানবেরা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে অস্ট্রেলিয়ায় ২ হাজার ৫শ মার্কিন মেরিন সেনা মোতায়েনের মধ্য দিয়ে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া এ পরিকল্পনায় রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে পরিকল্পনাটি ঘোষণা করেন। ওদিকে, যুক্তরাষ্ট্রের এই বাহিনীকে নিতে অস্ট্রেলিয়ার রাজি থাকার কথা জানান গিলার্ড। তিনি বলেন, আগামী বছর অস্ট্রেলিয়ায় পৌঁছবে ২৫০ মার্কিন মেরিন সেনা। পরে চূড়ান্ত পর্যায়ে মোতায়েন হবে ২ হাজার ৫শ' সেনাসদস্য। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে পর্যায়ক্রমে এ সেনা মোতায়েন করা হবে। কয়েক বছর পর পুরো মোতায়েন হয়ে যাবে মার্কিন মেরিন টাস্ক ফোর্স। ইন্দোনেশিয়া থেকে মাত্র ৮শ' ২০ কিলোমিটার দূরে অবস্থিত ডারউইন শহর থেকে মার্কিন সেনা ও বিমান দক্ষিণ পূর্ব এশিয়ায় যেকোনো ধরনের মানবিক ও নিরাপত্তা ইস্যুতে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হবে। বিশ্লেষকরা বলছেন, ২য় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ায় এটিই হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাসমাবেশ। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবেলা করা এর লক্ষ্য বলে মনে করা হচ্ছে। চীনও এতে উদ্বিগ্ন। জাপান ও দক্ষিণ কোরিয়ার পর অস্ট্রেলিয়ায় সামরিক শক্তি বাড়িয়ে মূলত চীনকে চারপাশ থেকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র। কিন্তু ওবামা বলছেন, চীন এর লক্ষ্য নয়। তিনি বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তোলা বাঞ্ছনীয়। এ পদক্ষেপের মধ্য দিয়ে আমরা সে নিরাপত্তাই নিশ্চিত করতে পারব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩২ঘ.