রোম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির পার্লামেন্টের উভয়কক্ষে ব্যয় সঙ্কোচনের বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী বার্লুসকোনির পদত্যাগ এখন 'অনিবার্য' হয়ে উঠেছে।
ইউরো জোনের বিপর্যয় এড়াতে ইতালির প্রতি ব্যয় সঙ্কোচনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন।
শনিবার পার্লামেন্টের নিুকক্ষে বিলটির পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায় আসায় এটা চূড়ান্ত হয়েছে। এ বিলের ওপর ভোটাভুটিতে এর পক্ষে ৩৮০ ও বিপক্ষে ২৬টি ভোট পড়ে। দুই এমপি ভোটদানে বিরত থাকেন। আগের দিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত মঙ্গলবার বার্লুসকোনি ঘোষণা দেন যে, ব্যয় সঙ্কোচনের বিল পার্লামেন্টের উভয়কক্ষে পাস হওয়ার পর তিনি পদত্যাগ করবেন।
শনিবার মন্ত্রিপরিষদের সমাপনী বৈঠকের পর প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানোর কাছে বার্লুসকোনি পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটির দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর ইতিহাসের এক যৌন কেলেঙ্কারিময় যুগের অবসান হতে চলেছে।
বার্লুসকোনির বিদায়ের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য পদক্ষেপ নেবেন প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক কমিশনার মারিও মন্টির নেতৃত্বে ওই সরকার হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
ইতালিতে ২০১৪ সালের মধ্যে বাজেটে আয়-ব্যয়ের ভারসাম্য আনার লক্ষ্যে এই কৃচ্ছতা প্যাকেজে পাঁচ হাজার নয়শ' ৮০ কোটি ইউরো সঞ্চয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ব্যয় কমানোর পাশাপাশি কর বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
পদক্ষেপগুলোর মধ্যে উলে¬খযোগ্য হচ্ছে, ভ্যাট ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা, বেসরকারি খাতের কর্মীদের অবসর গ্রহণের বয়স পর্যায়ক্রমে বাড়ানো। ২০১৪ সালের এ বয়স ৬০ বছর থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ২০২৬ সাল নাগাদ তা ৬৫ বছর করা হবে, নগদ অর্থ লেনদেনের সীমা আড়াই হাজার ইউরো করাসহ কর ফাঁকি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ কর আরোপ।
গত বুধবার ইতালির সরকারের ১০ বছরের বন্ডের সুদের হার সাত শতাংশে পৌঁছায়। এ সুদের হারের কারণে এর আগে ইউরো জোনের অন্য তিন সদস্য রাষ্ট্র গ্রিস, আয়ারল্যান্ড ও পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রণোদনামূলক ঋণ সহযোগিতা নিতে বাধ্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০৫৪ ঘ.
bdnews24