ইস্তাম্বুল, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একমাত্র ছিনতাইকারীকে গুলি করে হত্যার পর মার্ম্মার সাগরে তুরস্কের যাত্রীবাহী ফেরি ছিনতাই ঘটনার অবসান হয়েছে।
ফেরিটির ২০ জনেরও বেশী যাত্রীর সবাই অক্ষত রয়েছেন।
ছিনতাই হওয়ার বারো ঘন্টা পর শনিবার ভোরে তুর্কি নিরাপত্তা বাহিনী ফেরিটিতে অভিযান চালায় বলে ইস্তাম্বুলের গভর্নর হুসেইন আভনি মুতলু জানান। নিহত ছিনতাইকারী "সন্ত্রাসী" কোন বাহিনীর সদস্য ছিলো বলে দাবি করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় তুরস্কের মার্ম্মার সাগরীয় বন্দর ইজমিত ছেড়ে আসার কিছুক্ষণ পর স্থানীয় সময় পৌনে ছটার দিকে দ্রুতগামী ফেরিটি ছিনতাইকারীর কবলে পড়ে। এর কিছুক্ষণ পর থেকেই তুর্কি উপকূলরক্ষীদের বোট ও হেলিকপ্টার ফেরিটিকে অনুসরণ করতে থাকে।
জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ফেরিটি ইস্তাম্বুল থেকে ৫০ কিলোমিটার দূরে সিলিভরি শহরের উপকূলের অদূরে নোঙর করেছিল। তখন ছিনতাইকারীর পক্ষ থেকে জ্বালানি ও খাবার ছাড়া অন্য কোন দাবি জানানো হয়নি।
তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী সচিব হাবিব সলুক রাষ্ট্রীয় টিআরটি টেলিভিশনকে জানান, ফেরিটিতে কোন বোমা পাতা রয়েছে কিনা নিরাপত্তা বাহিনী তা পরীক্ষা করে দেখছে। নিহত একমাত্র ছিনতাইকারী দাবি করেছিল, ফেরিটিতে সে বোমা পেতে রেখেছে।
এর আগে খবর বেরিয়েছিলো, নিজেদের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখার সদস্য দাবী করা পাঁচজন সশস্ত্র ব্যক্তি ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে।
গত কয়েক দশক ধরে তুরস্কের কুর্দি প্রধান অঞ্চলগুলোর স্বায়ত্বশাসনের দাবিতে পিকেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে।
কুর্দি অনুগত ফিরাত সংবাদ সংস্থা কোন সূত্রের উল্লেখ না করে দাবি করেছিলো, ফেরিটি যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পিকেকে নেতা আবদুল্লাহ ওকালানকে আটক করে রাখা ইমরালি দ্বীপের বন্দিশিবিরের দিকে যাচ্ছে।
পিকেকে ও কুর্দি রাজনৈতিক নেতারা শান্তির শর্তে ওকালানকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫২ ঘ.
bdnews24