রোম/অ্যাথেন্স, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষে ব্যয় সঙ্কোচনের বিল পাস হয়েছে।
ইউরো জোনের বিপর্যয় এড়াতে ইতালির প্রতি এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন।
শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিলটির পক্ষে ১৫৬ ও বিপক্ষে ১২টি ভোট পড়ে। সপ্তাহান্তে পার্লামেন্টের নিুকক্ষ ভোটের মাধ্যমে এটা চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিদায়ও ত্বরান্বিত হবে।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত মঙ্গলবার বার্লুসকোনি ঘোষণা দেন যে, ব্যয় সঙ্কোচনের বিল পার্লামেন্টের উভয়কক্ষে পাস হওয়ার পর তিনি পদত্যাগ করবেন।
তার বিদায়ের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক কমিশনার মারিও মন্টির নেতৃত্বে ওই সরকার হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
বৃহস্পতিবার নতুন সরকারি বন্ড ছেড়ে ৫০০ কোটি ইউরো সংগ্রহ করে সরকার। কিন্তু এর জন্য বছরে ছয় দশমিক শূন্য ৮৭ শতাংশ হারে সুদ গুনতে হবে।
ইতালিতে ২০১৪ সালের মধ্যে বাজেটে আয়-ব্যয়ের ভারসাম্য আনার লক্ষ্যে এই কৃচ্ছতা প্যাকেজে পাঁচ হাজার নয়শ' ৮০ কোটি ইউরো সঞ্চয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ব্যয় কমানোর পাশাপাশি কর বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ভ্যাট ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা, বেসরকারি খাতের কর্মীদের অবসর গ্রহণের বয়স পর্যায়ক্রমে বাড়ানো। ২০১৪ সালের এ বয়স ৬০ বছর থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ২০২৬ সাল নাগাদ তা ৬৫ বছর করা হবে, নগদ অর্থ লেনদেনের সীমা আড়াই হাজার ইউরো করাসহ কর ফাঁকি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ কর আরোপ।
শনিবার পার্লামেন্টের নিুকক্ষে বিলটি পাস হলে ওই দিন সন্ধ্যায়ই প্রেসিডেন্ট নাপোলিতানো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠনের পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ইতালির সরকারের ১০ বছরের বন্ডের সুদের হার সাত শতাংশে পৌঁছায়। এ সুদের হারের কারণে এর আগে ইউরো জোনের অন্য তিন সদস্য রাষ্ট্র গ্রিস, আয়ারল্যান্ড ও পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে প্রণোদনামূলক ঋণ সহযোগিতা নিতে বাধ্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২১৪৭ ঘ.
bdnews24