ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে যে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ২১ শ্রমিক নিহত হয়েছে সেই খনিটি অবৈধ ছিল।
শুক্রবার চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
সিনহুয়া জানায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের ওই খনিটির বৈধ কাগজের মেয়াদ আরো এক বছর আগেই শেষ হয়েছে।
বৃহস্পতিবার ইউনানের কুজিং শহরের সিঝুয়াং খনিতে গ্যাস বিস্ফোরণের ফলে ২১ শ্রমিক নিহত হয়। আরো ২২ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলো।
খনিটিতে বেশ বড় ধরনের উদ্ধার কাজ চালানো হয়। তবে আটকে পড়া শ্রমিকদের আর বেঁচে থাকার আশা নেই বলে নিশ্চিত হওয়া গেছে।
সিনহুয়া জানায়, বিস্ফোরণের গ্যাসের সঙ্গে খনিটির খনন এলাকার চারিদিকে গুঁড়ো কয়লা ছড়িয়ে পড়ে।
চীনের বিভিন্ন কয়লাখনিতে শ্রমিকদের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। কিন্তু এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য গত প্রায় চার বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনা সরকার।
এলক্ষ্যে অবৈধ খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল হওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারেই বেশি জোর দেওয়া হচ্ছে।
চীনের সরকারি হিসাবে ২০০২ সালে কয়লাখনি দুর্ঘটনায় ৭ হাজারেরও বেশি সংখ্যক শ্রমিক নিহত হয়। ২০০৯ সালে তা ২ হাজার ৬০০ জনে নেমে আসে।
তবে সরকারি পরিংখ্যানের তুলনায় নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হয়।
ইউনান প্রদেশের এ দুর্ঘটনা ছাড়াও মাত্র এক সপ্তাহ আগেই হেনান প্রদেশে অপর এক খনি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫০ ঘ.
bdnews24