কাবুল, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলার পর পাল্টা আক্রমণে ৫০ থেকে ৬০ জনের মতো তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
পাকিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের বার্মাল জেলায় ন্যাটোর সেনা ঘাঁটিতে মঙ্গলবার রাতে তালেবান যোদ্ধারা হামলা চালায় বলে আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যানস ফোর্সের (আইএসএএফ) পক্ষ থেকে বলা হয়েছে।
পাকতিকার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মুখলিস আফগান বলেন, গোলাগুলিতে ৫০ থেকে ৬০ জনের মতো তালেবান যোদ্ধা নিহত হয়েছে।
ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যানস ফোর্সের এক মুখপাত্র বলেন, রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র নিয়ে একদল জঙ্গি আইএসএএফ'র ঘাঁটিতে হামলা চালায়। আইএসএএফ'র সেনারা পাল্টা হামলা চালালে জঙ্গিদের মধ্যে 'উল্লেখযোগ্যসংখ্যক' হতাহত হয়।
ন্যাটো সেনাদের বিমান হামলায় জঙ্গিদের ব্যবহৃত দুটি ভবন ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, তালেবানের হামলা ও গোলাগুলিতে যৌথবাহিনীর কোনো সদস্য বা কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে তালেবান ও তার মিত্র জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যাপক তৎপরতা রয়েছে।
গত জুলাইয়ে এ প্রদেশে ন্যাটো ও আফগান স্পেশাল ফোর্সের যৌথ অভিযানে ৫০ জনের বেশি জঙ্গি নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯০৭ ঘ.
bdnews24