বেইজিং, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে নমনীয় হওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের এ দেশটির প্রতি এ আহ্বান জানালো চীন।
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান। এ অভিযোগ অস্বীকার করে তেহরান বলে আসছে, বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যেই তাদের পরমাণু কর্মসূচি।
প্রতিবেদন প্রকাশের আগে পশ্চিমাদের অভিযোগের জবাব দিতে ইরানকে কিছুটা সময় দেওয়ার জন্য জাতিসংঘের পরমাণু অস্ত্র পর্যবেক্ষক সংস্থার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। ২০০৬ সাল থেকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর চার দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টাকে আটকে দিয়েছে নিরাপত্তা পরিষদের এ দুই স্থায়ী সদস্য দেশ।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা মেনে নেয়নি চীন।
"এ ক্ষেত্রে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার একটি নিরপেক্ষ ও নৈর্বত্তিক অবস্থান থাকা উচিত এবং নির্দিষ্ট কিছু বিষয় স্পষ্ট করার জন্য ইরানের সঙ্গে ইতিবাচক সহযোগিতার মনোভাব নিয়ে এগোনো উচিত। ইরানেরও নমনীয়তা ও আন্তরিকতা দেখানোর পাশাপাশি আইএইএকে আন্তরিকভাবে সহাযোগিতা করতে হবে।"
ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ইঙ্গিত দিয়ে আসছে তারও বিরোধিতা করেন চীনা কর্মকর্তা।
তিনি বলেন, "এটা খুবই ভুল হবে।"
"আন্তর্জাতিক অঙ্গনে শক্তি প্রয়োগ এবং শক্তি প্রয়োগের হুমকির বিরোধিতা করে চীন। এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের অস্থিরতা এড়ানো খুবই গুরুত্বপূর্ণ।"
কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে চীন 'গঠনমূলক ভূমিকা' পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৮৫৬ ঘ.
bdnews24