ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে পরিচালিত অভিযানে হন্ডুরাসের ১৭৬ জন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, খুন, অপহরণ ও মাদক কারবারসহ বেশকিছু অপরাধমূলক কর্মকাণ্ডে এ কর্মকর্তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এক সপ্তাহ আগে দুই ছাত্রকে হত্যার অভিযোগে একই ইউনিটের আটক চার পুলিশের মুক্তি পাওয়া নিয়ে গণবিক্ষোভের পরিপ্রেক্ষিতে নতুন এ অভিযান চালানো হয়েছে।
ওদিকে রোববার হন্ডুরাসের প্রেসিডেন্ট পোরফিরিও লোবো তার প্রধান পুলিশ কমান্ডারকে চাকরিচ্যুত করে অপরাধ দমনে সেনা মোতায়েন করেন।
বুধবার লোবো বলেন, "পচে যাওয়া ন্যাশনাল পুলিশের হাত থেকে আমাদের বের হয়ে আসতে হবে।"
হন্ডুরাসে দিন দিন সহিংস অপরাধ বেড়েই চলেছে। তবে পুলিশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে সারাবিশ্বের মধ্যে হন্ডুরাসে সবচেয়ে বেশি হত্যাকান্ড ঘটেছে।
দুর্নীতি দমন ও পুলিশ বাহিনীকে সংস্কারে নতুন আইন প্রণয়ন বিষয়ে দেশটির কংগ্রেসে বিতর্ক শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/সিআর/১৪২২ ঘ.
bdnews24