২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ওবামা'

ফোর্বস ম্যাগাজিনের বিচারে বর্তমান বিশ্বের সবচে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ তালিকায় ওবামার ঠিক পরের স্থানেই রয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 04:40 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ফোর্বসের ২০১১ সালে বিশ্বের ক্ষমতাধর ৭০ ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন ওবামা। আর তার ঠিক পরের স্থানেই রয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ­ভ্লাদিমির পুতিন। ম্যাগাজিনটির বার্ষিক তালিকায় ওবামা চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে পেছনে ফেলে শীর্ষ স্থানটি অর্জন করেছেন। ফোর্বসের র‌্যাংকিং অনুযায়ী ২০১০ সালে হু জিনতাও ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এবারের তালিকায় তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন। উচ্চ বেকারত্বের হার ও অর্থনৈতিক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণভাবে ওবামার গ্রহণযোগ্য আগের তুলনায় হ্রাস পেলেও বহির্বিশ্বে ঠিক উল্টো। ওবামার নির্দেশেই দীর্ঘ ১০ বছর ধরে আত্মগোপনে থাকা আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাড়ের গোপন আস্তানায় কমান্ডো হামলা চালিয়ে হত্যা করা হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলায় গুঁড়িয়ে যায়। ওই হামলার জন্য আল কায়েদা ও তার প্রধান ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। পরবর্তী পর্যায়ে ওই হামলাটি বিশ্বব্যাপী ৯/১১'র সন্ত্রাসী হামলা বলে পরিচিতি পায়। পাশাপাশি লিবিয়ায় ন্যাটোর বিমান অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। চলতি বছরের মার্চে ন্যাটোর নেতৃত্বে ওই অভিযান শুরু হয় আর অক্টোবরে লিবীয় নেতা গাদ্দাফির মৃত্যুর মধ্যদিয়ে তার সমাপ্তি ঘটে। এসব কিছুর নেপথ্যের ব্যক্তিটি হচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তালিকায় মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস পঞ্চম স্থানে রয়েছেন। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ আল সৌদ ৬ষ্ঠ এবং পোপ ষোড়শ বেনেডিক্ট ৭ম স্থানে রয়েছেন। তালিকায় ফেইসবুকের প্রধান মার্ক জুকারবার্গ ৯ম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১০ম স্থানে রয়েছেন। এ ছাড়াও ভারতের কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী রয়েছেন ১১তম স্থানে এবং দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং রয়েছেন ১৯ তম স্থানে। ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও লক্ষীমিত্তাল রয়েছেন যথাক্রমে ৩৫ ও ৪৭ তম অবস্থানে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন ১৬ তম স্থানে। পাকিস্তানের সেনা প্রধান আশফাক কায়ানি ৩৪তম স্থানে রয়েছেন। অপরদিকে মাফিয়া জগতের অন্যতম গডফাদার দাউদ ইব্রাহিম রয়েছেন ৫৭তম স্থানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি হোসেইনি খামেনি রয়েছেন ২৬ তম স্থানে। এছাড়াও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন তালিকার ২৫ তম স্থানে। তিব্বতের ভিন্নমতাবলম্বী নেতা দালাইলামা রয়েছেন ৫১ তম স্থানে। মার্কিন ম্যাগাজিন ফোর্বস প্রতিবছর বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও প্রভাব বিবেচনা করে তাদের নিজস্ব পদ্ধতিতে উল্লেখযোগ্য ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৬ ঘ.