২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় তিনটি বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি

ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেলসমৃদ্ধ প্রদেশ বসরায় তিনটি বিস্ফোরণে অন্ততপক্ষে ৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১২ জনেরও বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 03:29 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বসরা (ইরাক), নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেলসমৃদ্ধ প্রদেশ বসরায় তিনটি বিস্ফোরণে অন্ততপক্ষে ৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১২ জনেরও বেশি মানুষ। বুধবার এ ঘটনা ঘটেছে বলে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন। বসরার কেন্দ্রস্থলে তিনটি খাবারের দোকানের বাইরে এই বিস্ফোরণগুলো ঘটে। প্রাদেশিক নিরাপত্তা কমিটির প্রধান আলি আল মালিকি ৮ জন নিহত ও ২২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ইরাকের রাজধানী বাগদাদের ২৬০ মাইল দক্ষিণপূর্বাঞ্চলে বসরার অবস্থান। ওই হামলায় আহত এক ক্যাফেমালিকের পিতা আবু আবদুল্লাহ বলেন, "যখন বিস্ফোরণটি ঘটল তখন আমি আমার ছেলের ক্যাফের সামনেই ছিলাম। শব্দ শুনে আমি দ্রুত সেখানে আসি। আমি দেখতে পাই লোকজন রাস্তার ওপর পড়ে আছে আর ছোপ ছোপ রক্ত এদিক সেদিক লেগে আছে। মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছিল। কেউ কেউ কাঁদছিল। আমার ছেলেও আহত হয়েছে।" রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণে অবকাঠামোগত ক্ষতি সামান্যই হয়েছে। হাসপাতালের একটি সূত্র বলেছে, "আহতদের অনেকের অবস্থা গুরুতর। আমাদের আশঙ্কা নিহতের সংখ্যা আরো বাড়বে।" মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি বছরের ২১ অক্টোবর জানান, ২০০৮ সালের নিরাপত্তা বিষয়ক চুক্তি অনুযায়ী এ বছর শেষ হওয়ার আগেই অবশিষ্ট ৩৯ হাজার মার্কিন সেনা ইরাক ত্যাগ করবে। যদিও ২০০৬-০৭ সালে দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা যে মাত্রায় ছিল তা বর্তমানে অনেকাংশে কমে এসেছে। কিন্তু এরপরও প্রায় প্রতিমাসেই ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রায় প্রতিমাসেই সুন্নি ও শিয়া জঙ্গিদের হামলার বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২৭ ঘ.