তেহরান, ০২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 'সন্ত্রাসী তৎপরতা'র পেছনে যুক্তরাষ্ট্র জড়িত। এর ১শ' অকাট্য প্রমাণ আছে। বুধবার এ দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি।
যুক্তরাষ্ট্র ইরনের বিরুদ্ধে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনা করার অভিযোগ তোলার পর খামেনি এ পাল্টা অভিযোগ করলেন।
১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে ছাত্র বিপ্লবের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে খামেনি বলেন, "ইরান ও এ অঞ্চলে সন্ত্রাসের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অকাট্য দলিল আছে।"
তিনি বলেন, "ওই ১শ' তথ্য-প্রমাণ প্রকাশ করে বিশ্ববাসীর কাছে আমরা যুক্তরাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করতে পারি।"
তবে তিনি কখন, কার কাছে এ তথ্য-প্রমাণ দেবেন তা বলেননি খামেনি।
গত মাসে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুইজন ওয়াশিংটনের এক হোটেলে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিলো বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে।
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করছে বলে এর আগে মন্তব্য করেছিলেন খামেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৯ঘ.
bdnews24