এথেন্স, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রিসে ইইউ'র বেইলআউট প্যাকেজের ওপর প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর গণভোট অনুষ্ঠানের বিতর্কিত পরিকল্পনায় বুধবার সর্বসম্মতভাবে সমর্থন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকে পাপান্দ্রু বলেন, এ গণভোটে আমরা ইউরোজোনের নেতাদের দাবি অনুযায়ী ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে স্পষ্ট বার্তা পাবো। ব্যয়সঙ্কোচন পদক্ষেপের জন্য সরকারের গ্রিক জনগণের অনুমতি প্রয়োজন বলেও মন্ত্রীদেরকে জানান পাপান্দ্রু।
মন্ত্রিসভায় ৭ ঘণ্টার বৈঠকের পর সরকারের মুখপাত্র এলিস মসিয়ালোস প্রধানমন্ত্রীর প্রস্তাবে গোটা মন্ত্রিসভার সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, যত শিগগিরই সম্ভব এ গণভোট অনুষ্ঠান করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী সোমবার গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করেন।
ওইদিনই রাষ্ট্রীয় টেলিভিশনে গণভোটটি ডিসেম্বরের মধ্যে হতে পারে বলে আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী হ্যারিস কাস্টানিডিস। ফলে গণভোট খুব সম্ভবত ডিসেম্বরে হতে পারে বলেই মনে করা হচ্ছে।
গ্রিসের ঋণসঙ্কট কাটাতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোজোনের নেতারা দেশটিকে ২য় দফায় ১৩০ বিলিয়ন ইউরো বেইলআউট প্যাকেজ মঞ্জুর করাসহ ৫০ শতাংশ ঋণ মুক্তির ব্যবস্থা করতে রাজি হয়।
তবে এ তহবিল নেওয়ার জন্য গ্রিসকে নতুন করে কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিতে হবে। গ্রিসে এর আগে সরকারের কয়েক দফা ব্যয়সঙ্কোচন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে আছে জনগণ।
সেকারণেই এবার ২য় বারের মতো ব্যয়সঙ্কোচনের শর্তে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল তথা বেইলআউট প্যাকেজ নেওয়ার আগে পাপান্দ্রু গণভোটের পরিকল্পনা জানান।
কিন্তু এরপর নিজ দলেই বিরোধিতার শিকার হয়ে মঙ্গলবার পদত্যাগের চাপে পড়েন পাপান্দ্রু।
গণভোটের পদক্ষেপে ইইউ এর কাছ থেকে বেইলআউট প্যাকেজ প্রাপ্তি গ্রিসের জন্য দুস্কর হওয়া এবং ইউরোজোন নতুন করে সঙ্কটে পড়ার আশঙ্কার কারণে পাপান্দ্রুর দলের উর্ধ্বতন সদস্যরাই তাকে পদত্যাগের আহ্বান জানায় এবং আগাম নির্বাচন দাবি করে।।
কিন্তু পাপান্দ্রু যুক্তি দেখিয়ে বলেন, গণভোট না করে মধ্যবর্তী নির্বাচনের বিকল্প পথে গেলে গ্রিস ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে।
তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, "ইউরোপীয় ইউনিয়ন ও ইউরো জোনে আমাদের অংশগ্রহণ গ্রিস ও গ্রিসের বাইরে স্পষ্ট একটি বার্তা ও নির্দেশ হচ্ছে গণভোট।"
তার এ বক্তব্যের পর এখন মন্ত্রিসভার সমর্থনের কারণে শুক্রবার পার্লামেন্টে আস্থা ভোটের আগে পদত্যাগের
চাপ এড়াতে পারলেন পাপান্দ্রু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৯ঘ.
bdnews24