আলজিয়ার্স, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছেন গাদ্দাফি তনয় সাদি গাদ্দাফি। নিজের আইনজীবীর মাধ্যমে তিনি এ আবেদন জানান।
লিবিয়ার নতুন নেতৃত্ব তার ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না, এ অভিযোগ জানিয়ে সাদি ইন্টারপোলকে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারী পরোয়ানা তুলে নেওয়ার অনুরোধ জানান।
সাবেক পেশাদার ফুটবলার সাদী বর্তমানে লিবিয়ার প্রতিবেশী দেশ নাইজারে অবস্থান করছেন। গত অগাস্টে লিবিয়ার ক্ষমতাসীন অর্ন্তর্বতী পরিষদ সেনাদের হাতে ত্রিপোলির পতন হলে সীমান্ত অতিক্রম করে তিনি নাইজারে চলে যান।
সাদিকে গ্রেপ্তার করার জন্য গত ২৯ সেপ্টেম্বর সদস্য দেশগুলোর প্রতি 'লাল নোটিশ' জারি করে ইন্টারপোল। গ্রেপ্তার করতে পারলে ইন্টারপোল সাদিকে লিবিয়ার বর্তমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।
ইন্টারপোলের মহাসচিবের কাছে সাদির আইনজীবী নিক কফম্যনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মুয়াম্মাম গাদ্দাফি ও তার ছেলে মোতাস্সিমের হত্যার পর গাদ্দাফির অপর কোনো সন্তানেকে লিবিয়ায় হস্তান্তর মোটেও নিরাপদ নয়।
আইনজীবী যুক্তি দেখান, "ইন্টারপোলের পরোয়ানা অনুযায়ী সাদি আত্মসমর্পণ করলে তাকে লিবিয়ায় ফেরত পাঠানো হবে, যেখানে তার জন্য একই রকম নৃশংস ভবিষ্যৎ অপেক্ষা করছে।"
গ্রেপ্তারি পরোয়ানাকে পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে কফম্যান সাদির ওপর আরোপিত গ্রেপ্তারি পরোয়ান দ্রুত প্রত্যাহার করার জন্য ইন্টারপোল মহাসচিবের কাছে অনুরোধ জানান।
গাদ্দাফির অন্যান্য সন্তানদের মধ্যে খামিস ও সাইফ আল আরব গৃহযুদ্ধ চলাকালেই নিহত হন। গত মাসে গাদ্দাফির সাথে নিহত হন আরেক সন্তান মুতাস্সিম। বড় ছেলে সাইফ আল ইসলাম লিবিয়া ও নাইজার সীমান্ত এলাকার মরুভূমিতে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়।
চার দশক লিবিয়ার ক্ষমতায় থাকা অন্য সন্তানদের মধ্যে ছেলে মোহাম্মদ ও হ্যানিবল এবং কন্যা আয়েশা আলজেরিয়ায় অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/
bdnews24