বিশকেক, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৪ সালে ইজারার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্র কিরগিজস্তানের বিমান ঘাঁটি গুটিয়ে নিক- এমনটিই চান নবনির্বাচিত কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ।
আফগানিস্তান থেকে ন্যাটো পরিচালিত সেনাও প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে ওই বছরই।
রোববার কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন দেশটির রাশিয়া-পন্থি প্রধানমন্ত্রী আতামবায়েভ।
এরপরই তিনি বলেন, কিরগিজস্তান যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি ইজারা দেওয়ার চুক্তিকে সম্মান দেখাবে। কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানোর কোন ইচ্ছা তার নেই।
আফগানিস্তানে যুদ্ধ পরিচালনায় রসদ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র কিরগিজস্তানের মানাস ট্রানজিট সেন্টারকে পরিবহন রুট হিসাবে ব্যবহার করে আসছে।
আর মার্কিন সামরিক ঘাঁটিটি রাজধানী বিশকেকে বাইরে কিরগিজস্তানের মানাস আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন।
কিরগিজস্তানে রাশিয়ারও একটি বিমান ঘাঁটি রয়েছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর ইসলামি জঙ্গিদের তৎপরতা ছড়িয়ে পড়তে পারে বলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আশঙ্কা প্রকাশ করেছে।
তবে আতামবায়েভ সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের ঘাঁটি তার দেশের নিরাপত্তায় সহায়ক বলে তিনি মনে করেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০১ঘ.
bdnews24