২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী রাহিম আল কিব

আবদুল রাহিম আল কিবকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)। তিনিই দেশটির নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচন অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ত্রিপোলি, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবদুল রাহিম আল কিবকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)। তিনিই দেশটির নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচন অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেওয়া ভাষণে তড়িৎকৌশলের অধ্যাপক কিব বলেন, "আমরা বিপ্লবীদের স্মরণ করি এবং অভিবাদন জানাই। কখনোই তারা বিস্মৃত হবেন না। আমরা তাদের পরিবারকেও কখনো ভুলবো না।" তিনি আরো বলেন, "আমি তাদের উদ্দেশে বলছি, এনটিসি তাদের ভোলেনি, ভুলবে না এবং আগামী সরকারও ঠিক তাই করবে।" ৫১ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী পরিষদে ২৬ ভোট পেয়ে কিব ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৪২ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে তিন মাস আগে ক্ষমতাচ্যুত করার পর এনটিসি দেশটি শাসন ক্ষমতায় আছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গাদ্দাফিকে ইতোমধ্যে হত্যাও করা হয়েছে। অধ্যাপক কিব জীবনের অধিকাংশ সময় লিবিয়ার বাইরে কাটিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অধ্যাপনা করেছেন। তিনি ব্যবসার সঙ্গেও জড়িত। এনটিসি কিবকে একজন যথাযথ ও বন্ধুত্বপূর্ণ মানুষ বলে অভিহিত করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কিব তার মন্ত্রিসভার সদস্যদের বেছে নেবেন বলে জানা গেছে। আগামী ৮ মাসের মধ্যে এনটিসি একটি জাতীয় পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠান করার প্রতিশ্র"তি দিয়েছে। দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ওই নির্বাচিত পরিষদ এক বছরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করবে। তেল ও গ্যাস সমৃদ্ধ সীমিত জনসংখ্যা অধ্যুষিত দেশ লিবিয়ার উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৩ ঘ.