বেইজিং, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০২০ সালের মধ্যে মহাকাশ স্টেশন নির্মাণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী বছর প্রথম নারী নভোচারী মহাকাশে পাঠাতে পারে চীন।
দুই নারীকে ইতোমধ্যেই মহাকাশে পাঠানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
তবে তার আগে মানুষবিহীন মহাকাশযান পাঠিয়ে স্পেস ক্যাপসুলে তা ভেড়ানোর মহড়া চলবে। এ লক্ষ্যে মঙ্গলবারই 'শেনঝৌ ৮' নামক মনুষ্যবিহীন একটি মহাকাশযান মহাকাশে পাঠানো হবে।
কর্মকর্তারা 'শেনঝৌ ৮' মহাকাশে পাঠানোর ঘোষণা দেওয়ার সময়ই আগামী বছর মহাকাশে নভোচারী পাঠানোর পরিকল্পনার কথাটি জানান।
২০২০ সালের মধ্যে চীন মহাকাশে তাদের প্রথম স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করেছে। নাসার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র অথবা রাশিয়ার সাবেক মিরের মত ওই স্টেশনে নভোচারীরা কয়েকমাস অবস্থান করতে পারবে।
এ স্টেশন তৈরির মহড়া দিতেই স্পেস ক্যাপসুলে মহাকাশ যান ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে চীন। এ ক্যাপসুলটি মহাকাশে পাঠানো হয়েছে সেপ্টেম্বরের শেষে।
মহাকাশে মানুষবিহীন মহাকাশযান ভেড়ানোর অভিযানে সফল হলে আগামী বছর মহাশূন্যে নভোচারীসহ দুটি মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা করেছে চীন।
সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, ওই দুটি মহাকাশ যানের অন্তত একটিতে নভোচারী থাকবে এবং ওই অভিযানের জন্য নভোচারী হিসাবে দুজন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দুজনকে বাছাই করা হলে তারাই হবেন চীনের পাঠনো প্রথম নারী নভোচারী।
রাশিয়ার প্রযুক্তি কিনে ১৯৯০ সালে চীন মানুষবাহী নভোযান কর্মসূচি শুরু করে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে ২০০৩ সালে চীন মহাকাশে নভোচারী পাঠায়।
মহাকাশ স্টেশন নির্মাণ কর্মসূচিকে বিশ্বে আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় একটি পদক্ষেপ বলেই মনে করছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৪ঘ.
bdnews24