২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৭শ' কোটিতম শিশুর জন্ম

বিশ্বের জনসংখ্যা ৩১শে অক্টোবর ৭শ' কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। আর এই ৭শ' কোটিতম শিশুটি জন্ম নিয়েছে ভারতের উত্তর প্রদেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ বিশ্বের জনসংখ্যা ৩১শে অক্টোবর ৭শ' কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। আর এই ৭শ' কোটিতম শিশুটি জন্ম নিয়েছে ভারতের উত্তর প্রদেশে। সোমবার স্থানীয় সময় ৭ টা ২৫ (০১:৫৫ জিএমটি)'তে ভারতের উত্তর প্রদেশের মল গ্রামে শিশুটি জন্ম নেয়। নাম নার্গিস। জন্মের পরপরই তাকে বিশ্বের ৭ শ কোটিতম শিশু হিসাবে ঘোষণা করে শিশু অধিকার গ্র"প প্ল্যান ইন্টারন্যাশনাল । জাতিসংঘ এর আগেই সোমবার ৩১ অক্টোবর বিশ্বের জনসংখ্যা ৭শ কোটিতে পৌঁছবে বলে জানিয়েছিলো। কিন্তু ৭শ কোটিতম শিশু বিশ্বের কোথায় জন্মাবে তা সঠিকভাবে জানা সম্ভব না বলেই প্ল্যান ইন্টারন্যাশনাল এর প্রতীক হিসাবে নার্গিসকে বেছে নিয়েছে। এর আগে সোমবারই ম্যানিলা হাসপাতালে জন্ম নেওয়া একটি মেয়ে শিশুকে বিশ্বের প্রতীকী ৭ শ কোটিতম শিশু হিসাবে ঘোষণা করেছে ফিলিপাইন। ওদিকে, জনবহুল দেশ ভারতেও প্রতি মিনিটেই ৫১ টি শিশু জন্ম নিচ্ছে। এর ১১ টিই জন্মাচ্ছে উত্তর প্রদেশে। নার্গিসের জন্ম হয়েছে ভারতের মল গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে। ভারতে মেয়ে ভ্রুণ হত্যার হার বেশি হওয়ায় এর নেতিবাচক দিকটিতে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতেই বিশ্বের ৭শ কোটিতম শিশু হিসাবে বেছে নেওয়া হয়েছে দরিদ্র পরিবারের এই মেয়েশিশু নার্গিসকে। ভারত এ দিন উদযাপনের পরিকল্পনা করে আগেই। তবে এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, "বিষয়টি আনন্দের নয়, গভীর উদ্বেগের। ৭শ' কোটিতম এ শিশুর জন্মক্ষণ আমাদের উদযাপন করা উচিৎ হবে না। বিশ্বের মোট ভূমির ২ দশমিক ৪ শতাংশ ভারত আর বিশ্বের মোট জনসংখ্যার ১৮ শতাংশের বাস এখানে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি যখন একটি স্থিতিশীল বিষয়ে পরিণত হবে তখনই কেবল বিষয়টি আমাদের জন্য উৎসবের হবে।" বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১শ' ২১ কোটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৩ ঘ.