২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিয়ায় পশ্চিমা হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যে প্রলয়কাণ্ড ঘটবে'

সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে পশ্চিমা বিশ্ব হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে প্রলয়কাণ্ড ঘটবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

বৈরুত, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার অভ্যন্তরীন বিষয়ে পশ্চিমা বিশ্ব হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে প্রলয়কাণ্ড ঘটবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ায় গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা সরকারি বাহিনীর দমনাভিযান থেকে রেহাই পেতে বিদেশি সাহায্য কামনা করার পর রোববার এই হুঁশিয়ারি দিলেন আসাদ। যুক্তরাজ্যের সানডে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, "নিশ্চিতভাবে পশ্চিমারাষ্ট্রগুলো চাপ আরো বাড়াতে যাচ্ছে।" তিনি আরো বলেন, "মিসর, তিউনিসিয়া ও ইয়েমেনের চেয়ে সব দিক থেকেই সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। সিরিয়ার ইতিহাস ও রাজনীতি আলাদা।" আসাদ আরো বলেন. "এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) বর্তমান কেন্দ্র হচ্ছে সিরিয়া। কিছুটা অস্থিরতা এখানে রয়েছে, আর তোমরা (পশ্চিমা রাষ্ট্রগুলো) যদি এ ভূমি নিয়ে খেলতে চাও তবে প্রলয়কাণ্ড ঘটবে।" সিরীয় প্রেসিডেন্ট বলেন, "তোমরা কি আরেকটা আফগানিস্তান দেখতে চাও, নাকি একশ' টা? এ দেশের কোনো সমস্যা হলে তা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। আর যদি সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা থাকে তবে তা পুরো অঞ্চলকে বিভক্ত করবে।" মানবাধিকার কর্মীরা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় সরকারি দমনাভিযানে ৫০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া হমসে এবং উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে শনিবার এক চোরাগোপ্তা হামলায় ও সংঘর্ষে সন্দেহভাজন ৩০ জন দলত্যাগী সেনা নিহত হয়েছে। ওদিকে সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধের লক্ষ্যে রোববার আসাদ সরকার ও বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে আরব লিগ। এর আগে আরব লিগের পক্ষ থেকে সিরিয়ায় 'জরুরি বার্তা' পাঠিয়ে সাধারণ জনগণ হত্যা বন্ধে আসাদের প্রতি আহ্বানও জানানো হয়। চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভ দমনাভিযানে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সিরিয়ায় প্রায় সাত মাস ধরে আসাদবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে সরকারি বাহিনীর ব্যাপক দমনাভিযানের সমালোচনা করেছে জাতিসংঘ ও আরব লিগ। পশ্চিমা রাষ্ট্রগুলো সিরিয়ার তেল রপ্তানি ও সরকারি ব্যবসাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপসহ আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। কিন্তু তাদের আহ্বানে সাড়া না দিয়ে আসাদ আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনাভিযান চালিয়েই যাচ্ছেন। দেশটিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে প্রবেশ করতে না দেওয়ায় আভ্যন্তরীণ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১৫ ঘ.