সারায়েভো, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়ার রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন দূতাবাসে গুলি চালিয়েছে সন্দেহভাজন এক মুসলিম চরমপন্থী। এতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে আহত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবারের ওই হামলায় দূতাবাস ভবনের বাইরের দেওয়ালে বেশ কয়েকটি গুলি লেগেছে।
এক সংবাদ সম্মেলনে আইন কর্মকর্তা দুব্রাভকো ক্যাম্পারা বলেন, "এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছি আমরা।"
ওই হামলাকারীর কাছে দুটি গ্রেনেডও পাওয়া গেছে বলেও জানান তিনি।
মেভলুদিন জাসারেভিক (২৩) নামের ওই ব্যক্তি সার্বিয়ার নাগরিক বলে বসনিয়ার রাষ্ট্রীয় আইন কর্মকর্তা জানিয়েছেন। তার কাছে কালাশনিকভ স্বয়ংক্রিয় রাইফেল ছিলো।
২০০৫ সালে অস্ট্রিয়ায় ডাকাতির অভিযোগে সাজাপ্রাপ্ত জাসারেভিককে সার্বিয়ায় নির্বাসনে পাঠানো হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে তিনি বসনিয়ায় প্রবেশ করেছেন।
বসনিয়ার ওএসএ তথ্য ও নিরাপত্তা সংস্থার পরিচালক আলমির জুলো জানান, এ বছরের শুরুতে বসনিয়ার উত্তরাঞ্চলে ওয়াহাবি মৌলবাদীদের সঙ্গে সাক্ষাত করেছেন জাসারেভিক।
বসনিয়ার ত্রিপক্ষীয় সরকারের মুসলিম সদস্য বাকির জেতবেগোভিক জানান, যুক্তরাষ্ট্র বসনিয়ার 'প্রমাণিত বন্ধু'।
তিনি এ হামলার নিন্দাও জানিয়েছেন।
সাংবাদিকদের বাকির বলেন, "এটা হচ্ছে আমেরিকা ও বসনিয়া-হার্জেগোভিনার বন্ধুত্বের ওপর হামলা, এটা বসনিয়ার ওপর হামলা।
পুলিশের এক মুখপাত্র জানান, গুরুতর আহত পুলিশ কর্মকর্তার শরীরে অস্ত্রোপচার হয়েছে।
আর বন্দুকধারীকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে তার আঘাত তেমন গুরুতর নয়।
ওয়াশিংটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড হামলা বন্ধ করতে পারায় বসনিয়ার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।
অজ্ঞাত হামলাকারীদের হামলার মুখে ২০০২ সালের মার্চ মাসে মুসলমান প্রধান সারায়েভো শহরে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে এ ভবনে এর আগে কখনও হামলা চালানো হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২১ ঘ.
bdnews24