সালে (মরক্কো), অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মরক্কোর একটি ক্যাফেতে বোমা হামলা চালানোর অভিযোগে হামলার মূল পরিকল্পনাকারী আদেল ওথমানিকে মৃত্যদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
শুক্রবার আদালতের ওই রায়ে একইসঙ্গে তার আট সহযোগীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চলতি বছরের ২৮ এপ্রিল মারাক্কেশের আরগানা ক্যাফেতে চালানো ওই বোমা হামলায় ১৭ জন নিহত হয়। এদের মধ্যে দুজন মরক্কোর নাগরিক ও আটজন ফরাসি নাগরিক ছিলেন। বাকিরা ছিলেন ব্রিটেন, কানাডা, পর্তুগাল, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাগরিক।
বিস্ফোরক তৈরি ও হত্যার অভিযোগে ওথমানিকে এ সাজা দেওয়া হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল করবেন বলে জানিয়েছেন।
আইনজীবীরা আদালতে জানান, গিটার হাতে হিপির ছদ্মাবেশে ওথমানি মারাক্কেশের পর্যটন কেন্দ্র জেমা এল-ফেনার একটি ক্যাফেতে প্রবেশ করে দুটি বোমা রেখে দেয়। এরপর মোবাইল ফোনের মাধ্যমে তিনি বোমার বিস্ফোরণ ঘটান।
তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন ওথমানি।
রায় ঘোষণার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা আদালতে প্রতিবাদ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৩ ঘ.
bdnews24