২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণ নিয়ে সাঈফের সঙ্গে আলোচনায় আইসিসি

লিবিয়ার প্রয়াত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে তার সঙ্গে পরোক্ষো আলোচনা চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

লিবিয়া, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের আত্মসমর্পণের প্রস্তাব নিয়ে তার সঙ্গে পরোক্ষো আলোচনা চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি'র কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো শুক্রবার তার কার্যালয় থেকে সাঈফের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ হওয়ার কথা জানিয়ে বলেন, আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সঙ্গে পরোক্ষো আলোচনা করেছি। আলোচকরা সাঈফের সঙ্গে যোগাযোগ করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এবং কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা না করার ব্যাপারে সতর্কও করেছেন। ভারাটে সেনাদের একটি দল সাঈফকে আইসিসি'র আওতা বহির্ভূত কোনো আফ্রিকান দেশে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে-কয়েকটি সূত্রে এমন খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ওকাম্পো। ফলে শুক্রবার সাঈফকে সতর্ক করে দিয়ে আইসিসি বলেছে, তিনি আফ্রিকার নিরাপদ কোনো জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশপথেই তার বিমান আটকে তাকে গ্রেপ্তার করা হবে। ওকাম্পোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি সাঈফের বিচার চায়। আর তাই বিবৃতিতে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে যে, সাঈফ আত্মসমর্পণ করলে আদালতে তার বক্তব্য শোনা হবে এবং দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নিদোর্ষ বলে বিবেচনা করা হবে। তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিচারক। সাঈফ আল ইসলাম ও লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্ল¬¬াহ আল-সেনুসি গত বুধবার হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আত্মসমর্পণ করার প্রস্তাব দেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি অনেক আগেই সাঈফ আল ইসলাম, তার প্রয়াত বাবা মুয়াম্মার গাদ্দাফি এবং আবদুল¬াহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত সপ্তাহে লিবিয়ার এনটিসি বাহিনীর হাতে গাদ্দাফির জন্মশহর সির্তের পতনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন সাঈফ। এনটিসি সূত্রে বলা হয়েছে, সাঈফ লিবিয়া ছেড়ে যাননি। মরু এলাকায় তুরাগ জনগোষ্ঠীর বিশিষ্ট এক নেতার আশ্রয়ে আছেন তিনি। এনটিসি'র ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আব্দুল মজিদ ম্লেগতা এর আগে জানান, গোয়েন্দা কর্মকর্তারা তাকে বলেছেন, সাঈফ এবং সেনুসি প্রতিবেশী একটি দেশের মধ্যস্থতায় আইসিসি'র কাছে আত্মসমর্পণের জন্য চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন। তবে দেশটির নাম জানান নি মজিদ। বৃহস্পতিবার আত্মসমর্পণের জন্য সাঈফ একটি বিমান সহায়তাও চেয়েছেন বলে জানান এনটিসি কর্মকর্তারা। তারা বলেন, নিজের নিরাপত্তা নিয়ে সাঈফ উদ্বিগ্ন এবং হেগ আদালতের কাছে আত্মসমর্পণ করাটাই তার জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করছেন তিনি। আইসিসি সাঈফের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে এনটিসি কর্মকর্তারা বলছেন, সাঈফ বনি ওয়ালিদে আশ্রয় নিয়েছিলেন এবং পরে দক্ষিণে পালিয়ে যান। দক্ষিণ আফ্রিকাসহ আরো কয়েকটি দেশের ভারাটে সেনারা তার দেহরক্ষী হিসাবে কাজ করছে বলেই ধারণা করছেন তারা। ওদিকে, দক্ষিণ আফ্রিকার এক পত্রিকা বৃগস্পতিবার জানিয়েছে, সাঈফ ও তার দলবলকে উদ্ধার করতে ওই এলাকায় যাওয়ার জন্য একটি বিমান অপেক্ষায় আছে। তবে এ খবর নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৩ঘ.