ব্রাসেলস, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় আগামী সপ্তাহে সামরিক অভিযান শেষের সিদ্ধান্ত জানিয়েছে ন্যাটো। মিশনের সময় বাড়ানোর জন্য লিবিয়া সরকারের অনুরোধের মুখেও ন্যাটো শুক্রবার এ সিদ্ধান্ত জানালো।
জাতিসংঘের অনুমতিতে গত ৩১ মার্চে ন্যাটো লিবিয়ার বিদ্রোহীদের পক্ষে যুদ্ধাভিযানের দায়িত্ব নেয়। এরপর সাত মাসের সামরিক অভিযানে লিবিয়ায় শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন এবং মৃত্যু হয়েছে।
ফলে ৩১ অক্টোবরেই লিবিয়ায় অভিযান শেষ সিদ্ধান্ত নেয় ন্যাটো। এক সপ্তাহ আগে ন্যাটো এ সিদ্ধান্তের কথা জানালে তাদেরকে এ বছরের শেষ নাগাদ সময়সীমা বাড়ানোর অনুরোধ জানায় লিবিয়ার অন্তর্বর্তী সরকার ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)।
সীমান্ত নিরাপত্তা রক্ষায় ন্যাটোর কাছ থেকে আরো কিছুদিনের জন্য সহায়তা চায় এনটিসি।
কিন্তু ন্যাটো মহাসচিক আন্দ্রে ফ রাসমুসেন আগামী সপ্তাহেই মিশন শেষ করার সিদ্ধান্ত জানিয়ে বলেন, "আমাদের সামরিক অভিযান এখন শেষ হয়েছে।"
যুদ্ধপরবর্তী লিবিয়ায় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করার মধ্য দিয়ে ন্যাটো দেশটির গণতান্ত্রিক উত্তরণে কাজ করতে সক্ষম হলেও সেখানে আর কোনো ভূমিকা তারা রাখতে চায় না বলে জানান রাসমুসেন।
ফলে ব্রাসেলসে ন্যাটো দেশগুলোর বৈঠকে আগামী সপ্তাহেই লিবিয়া মিশন শেষ করার সিদ্ধান্ত বহাল রেখেছেন নেতারা।
আর বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদও আগামী সোমবার থেকে ন্যাটো মিশন শেষের প্রস্তাবনা অনুমোদন করেছে।
গাদ্দাফির মৃত্যুর পর ২৩ অক্টোবরে লিবিয়াকে মুক্ত ঘোষণা করেছে এনটিসি। ন্যাটো কমান্ডাররা বলছেন, অন্তর্বর্তী প্রশাসনই দেশের নিরাপত্তার দেখভাল করতে সক্ষম বলে মনে করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ঘ.
bdnews24