২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের ৪ দিন পর উদ্ধার পেলো ফারহাত

তুরস্কে ভূমিকম্পের ৪দিন পর বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কে ভূমিকম্পের ৪দিন পর বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরকে। গত রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রায় ভয়াবহ ভূমিকম্প হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ জনে। আর দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত এরিকস শহরে ধসে যাওয়া একটি ভবনের ভেতর থেকে ফারহাত নামে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারীদের একজন জানান, ফারহাতকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থাও ভালো। ফারহাতকে উদ্ধার করার আগে শহরটিতে ভূমিকম্পপরবর্তী উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই কিশোরকে পাওয়ার পর জীবিত অবস্থায় আরো কাউকে পাওয়া যেতে পারে বলে কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এখনও পর্যন্ত উদ্ধারকারীরা ভূমিকম্পের শিকার ১৮৫ জনকে উদ্ধার করেছে। কিন্তু ধারণা করা হচ্ছে আরো অনেকেই ভেতরে আটকা পড়ে রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। তবে প্রবল তুষারপাত ও বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.