দুবাই, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের পরবর্তী বাদশাহ হবেন ৭৮ বছর বয়সী প্রিন্স নায়েফ বিন আবদুলআজিজ আল সৌদ, যিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ আল সৌদ শুক্রবার রাতে এক রাজকীয় ফরমানে এই ঘোষণা দেন।
এতে তিনি বলেন, "আমরা প্রিন্স নায়েফ বিন আবদুলআজিজকে যুবরাজ হিসেবে বেছে নিয়েছি।"
রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা এসপিএ শুক্রবার মধ্যরাতের পর এই রাজকীয় ফরমান প্রচার করে।
যুবরাজ সুলতান বিন আবদুলআজিজ আল সৌদ ক্যান্সারে ভুগে গত সপ্তাহে মারা যাওয়ার পর বিশ্বের সবচে বেশি তেল রপ্তানিকারক এ দেশের সিংহাসনের উত্তরাধিকারী খোঁজার কাজ শুরু করে রাজকীয় কাউন্সিল। ২০০৬ সালে গঠিত এই কাউন্সিলের পরামর্শ অনুযায়ী প্রিন্স নায়েফকে যুবরাজ ঘোষণা করেন বাদশাহ।
ু
প্রয়াত প্রিন্স সুলতানের ভাই নায়েফ ১৯৭৫ সাল থেকে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর তিনি উপ প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন।
সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ আল সৌদের বয়স বর্তমানে ৮৭ বছর। মেরুদণ্ডের সমস্যার কারণে গত বছর তার শরীরে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৫৬ ঘ.
bdnews24