ব্যাংকক, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ব্যাংকক প্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই করছে বলে মন্তব্য করেছেন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। বন্যার পানি বাড়তে থাকায় শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কার মুখে তিনি বৃহস্পতিবার একথা বলেন।
থাইল্যান্ড গত ৫০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে মধ্য জুলাই থেকে এ পর্যন্ত ৩শ' ৭৩ জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় ২৫ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা কবলিতদের বেশিরভাগই থাইল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের বাসিন্দা।
কিন্তু এখন ব্যাংককেও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। ব্যাংককে বন্যা পরিস্থিতি গুরুতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক।
তিনি বলেন, "মনে হচ্ছে আমরা প্রকৃতির শক্তির বিরুদ্ধে লড়াই করছি। বন্যার পানি আমাদের বেশ কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত করেছে।"
থাই প্রধানমন্ত্রী আরো বলেন, "এটা সত্যি যে বন্যার পানিকে স্বাভাবিকভাবে সমুদ্রের দিকে প্রবাহিত হতে দিতে হবে। আমরা যা করতে পারি তা হল এটা যেন ধীর ভাবে প্রবাহিত হয় তার ব্যবস্থা করা। অন্যথায় সবাইকে ভুগতে হবে।"
পরিস্থিতির অবনতির কারণে ব্যাংকক ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। রাস্তায় যান চলাচল কম দেখা গেলেও শহর থেকে বন্যামুক্ত দক্ষিণাঞ্চলে যাওয়ার রাস্তা যানে পরিপূর্ণ।
অনেক মানুষই সমুদ্রতীরবর্তী শহর হুয়া হিন ও পাতায়ার দিকে যাচ্ছে। তবে সেখানে হোটেল কক্ষ খালি পাওয়াও দুস্কর হয়ে পড়েছে।
টেলিভিশন চিত্রে সূবর্ণভূমি বিমানবন্দরের অভ্যন্তরীন চেক ইনে প্রচুর ভিড় দেখা গেছে। অভ্যন্তরীন বিমানবন্দর হিসেবে ব্যবহৃত ডন মুয়ান মঙ্গলবার বন্ধ হয়ে যাওয়ায় প্রধান বিমানবন্দর সূবর্ণভূমিতে সরিয়ে নেয়া হয়েছে। এটিও বন্যার পানিতে ডুবে গিয়েছিল।
বন্যার কারণে আগেই থাই কর্তৃপক্ষের ঘোষিত পাঁচদিনের সরকারি ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
বন্যার পানি থেকে সরে যাওয়ার সুযোগ করে দিতেই থাই সরকার গত মঙ্গলবার ২৭ অক্টোবর থেকে পাঁচদিনের ছুটি ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৮ঘ.
bdnews24