জেরুজালেম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি প্রচেষ্টাকে উজ্জীবিত রাখার প্রচেষ্টা হিসেবে তিন মাসের মধ্যে ভূমি ও নিরাপত্তা বিষয়ে একটি প্রস্তাবনা তৈরিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন।
বুধবার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার সমন্বয়ে গঠিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী চারপক্ষীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
শান্তি প্রক্রিয়ার আগের পদক্ষেপগুলো ব্যর্থ হওয়ায় ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা চারপক্ষের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে।
চারপক্ষের হয়ে জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, "২০১২ সালের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্র"তি অনুযায়ী তিন মাসের মধ্যে সর্বাত্মক ভূমি ও নিরাপত্তা বিষয়ে একটি প্রস্তাব তৈরিতে সম্মত হয়েছে বিবদমান দুইপক্ষ (ইসরায়েল ও ফিলিস্তিন)।"
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় ভূমি ও নিরাপত্তার বিষয়ই আলোচিত হয়ে থাকে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনা নিয়ে বিরোধিতায় এক বছর আগে বন্ধ হয়ে গেছে শান্তি আলোচনা।
চারপক্ষের প্রতিনিধিরা কোনো ধরনের বিলম্ব এবং পূর্বশর্ত ছাড়াই দুইপক্ষকে পুনরায় সরাসরি আলোচনা শুরু আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে আগামী তিন মাস দু'পক্ষের সঙ্গে চারপক্ষীয় প্রতিনিধি নিয়মিত বৈঠক করবেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি শীর্ষ আলোচক চারপক্ষীয় প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর তারা কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী।
কিন্তু বৈঠকের পর ফিলিস্তিনি আলোচক সায়েব ইরকাত এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল বসতি নির্মাণ বন্ধ ও ১৯৬৭ সালের সীমানা মেনে নেয়া মাত্রই তারা আলোচনার টেলিবে বসতে প্রস্তুত আছে।
শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদে পূর্ণ সদস্যপদের দাবি উত্থাপণ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ দাবির বিরোধিতা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫২ ঘ.
bdnews24