ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের জলসীমায় অনুপ্রবেশকারী একটি নৌকাসহ ৬ পাকিস্তানিকে আটক করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড (আইসিজি)।
গুজরাটের জাকুয়া উপকূল থেকে বুধবার তাদের আটক করা হয় বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।
আইসিজি'র এক কর্মকর্তা বলেন, "ছয় পাকিস্তানিসহ আল-হাসান নামে একটি নৌযান অবৈধভাবে ভারতীয় সমুদ্রসীমা লঙ্ঘণ করে।"
ওকহাভিত্তিক উপকূল রক্ষী বাহিনীর একটি দল নিয়মিত টহল চালানোর সময় তাদের আটক করে বলে জানা গেছে।
ওই কর্মকর্তা আরো বলেন, "তাদের (আটক ছয় পাকিস্তানি) ওকহার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বুজে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে পাঠানো হবে। সেখানে তাদের প্রাদেশিক ও কেন্দ্রীয় বিভিন্ন গোয়েন্দার সংস্থা জিজ্ঞাসাবাদ করবে।"
প্রসঙ্গত, গত রোববার ভারতের একটি চিতা হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। পাকিস্তানের সেনাবাহিনী সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারটিকে অবতরণে বাধ্য করে এবং কপ্টারে থাকা ৪ ভারতীয় সেনা কর্মকর্তাকে আটক করে।
এর পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে তখন জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি দিকভ্রান্ত হয়ে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না।
পরবর্তী সময়ে কপ্টারসহ চার সেনা কর্মকর্তাকে মুক্তি দেয় পাকিস্তান।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পেলেও অখণ্ড ভারতবর্ষ পাকিস্তান ও ভারত এই দু'টি রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। ওই সময় থেকে এ পর্যন্ত প্রতিবেশী এই দু'টি দেশ তিন বার পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই তিন যুদ্ধের মধ্যে দু'টিই কাশ্মিরের বিতর্কিত অঞ্চলকে কেন্দ্র করে সংঘটিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১২ ঘ.
bdnews24