আবু-ধাবি, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আত্মসমর্পণ করতে চান মুয়াম্মার গাদ্দাফির পলাতক ছেলে সাঈফ আল ইসলাম ও সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি।
"তারা হেগ আদালতের হাতে নিজেদেরকে তুলে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন," বুধবার একথা জানিয়েছেন লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আব্দুল মজিদ ম্লেগতা।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি অনেক আগেই সাঈফ আল ইসলাম, তার প্রয়াত বাবা মুয়াম্মার গাদ্দাফি এবং আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সপ্তাহান্তে লিবিয়ার এনটিসি বাহিনীর হাতে গাদ্দাফির জন্মশহর সির্তের পতনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন সাঈফ। তিনি লিবিয়ার দক্ষিণাঞ্চলে নাইজার সীমান্তের কোথাও লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
মজিদ বলেন, গোয়েন্দা কর্মকর্তারা তাকে বলেছেন যে, সাঈফ এবং সেনুসি প্রতিবেশী একটি দেশের মধ্যস্থতায় আইসিসি'র কাছে আত্মসমর্পণের জন্য চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন। তবে দেশটির নাম জানান নি মজিদ।
সাঈফ এবং সেনুসির জন্য লিবিয়ায় থাকা, আলজেরিয়ায় যাওয়া, নাইজারে পালিয়ে যাওয়া কোনোটাই নিরাপদ নয়- গোয়েন্দারা একথা বলেছেন বলেও জানান মজিদ।
তিনি বলেন, "তারা এটা বুঝতে পারছেন যে, যেখানে তারা আছেন সেখানে থাকাও নিরাপদ নয়, কোথাও যাওয়াও নিরাপদ নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ ঘ.
bdnews24