ব্যাংকক, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে বন্যা পরিস্থিতির অবননিতে রাজধানী ব্যাংকক পুরোটাই প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। ব্যাংককের কয়েক স্থানে বন্যার পানি ১ মাসও স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
বুধবারও প্লাবিত হয়েছে ব্যাংককের একটি নতুন এলাকা। শহরের উত্তরাঞ্চলের বন্যাকবলিত তিনটি এলাকা থেকে কিছু দূরে বাঙ ফ্লাদ এলাকায় বন্যার পানি ঢুকে পড়ায় সেখানকার অধিবাসীদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক টেলিভিশন ভাষণে সিনাওয়াত্রা বলেছেন, বাঁধ ভেঙে গেলে ১ দশমিক ৫ মিটার পানিতে প্লাবিত হতে পারে ব্যাংককের কেন্দ্রস্থল।
সে কারণে তিনি অধিবাসীদের উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার পরমর্শ দেন।
শহরের উত্তরাংশ ও চাও ফ্রায়া নদীর বাঁধগুলো সবচেয়ে সংকটপূর্ণ পরিস্থিতিতে রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
বুধবার প্রধানমন্ত্রী বলেন, "পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ধারণা করছি যে, বন্যার পানি সাগরে গড়ানোর আগে ব্যাংককে প্রায় ২ সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।".
তবে তিনি বলেন, অন্যান্য প্রদেশে পরিস্থিতি খুব বেশি খারাপের দিকে যাবে না।
শত শত বন্যাকবলিত মানুষকে এর আগে শহরের দ্বিতীয় বিমানবন্দর ডন মুয়াংয়ে স্থানান্তরিত করা হয়েছিলো। কিন্তু রানওয়েতে বন্যার পানি ঢুকে পড়ায় তাদের আবার সরিয়ে নেওয়া হচ্ছে।
গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে ৩৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ১ লাখ মানুষ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছে।
অগাস্টে ক্ষমতাসীন হওয়া নতুন থাই প্রধানমন্ত্রীর জন্য বন্যা পরিস্থিতি মোকাবেলা করা প্রাথমিক একটি পরীক্ষা এবং ইতোমধ্যে বন্যা পরিস্থিতিকে যথেষ্ট গুরুত্বসহকারে না নেওয়ায় সমালোচিত হয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৬ঘ.
bdnews24