২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সরকারের পতন অনিবার্য: ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে বলেছেন, বিক্ষোভ ও নিষেধাজ্ঞার চাপের মুখে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন অনিবার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

প্যারিস, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে বলেছেন, বিক্ষোভ ও নিষেধাজ্ঞার চাপের মুখে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন অনিবার্য। তবে অভ্যন্তরীন ও আঞ্চলিক রাজনীতির জটিলতার কারণে এতে আরো সময় লাগবে বলে বুধবার মন্তব্য করেন তিনি। সিরিয়ায় প্রায় সাত মাস ধরে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিরা বিক্ষোভ করছে। এছাড়া আসাদের শাসনাবসানের লক্ষ্যে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সিরিয়ায় বিক্ষোভ দমানাভিযানের ওপর জাতিসংঘে আনা নিন্দা প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটোর পর আসাদ ও সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের ইন্টার বেতারকে জুপে বলেন, "এটা ঠিক যে নিউ ইয়র্কে (জাতিসংঘে) আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। বর্বরোচিত নিপীড়ন সম্পর্কে প্রায় কিছুই না বলাটা নিরাপত্তা পরিষদের জন্য কলঙ্কজনক।" তিনি আরো বলেন, "সরকারের পতনের মাধ্যমেই এর সমাপ্তি ঘটবে। আর এটা প্রায় অনিবার্য। কিন্তু পরিস্থিতির জটিলতা, সিরীয় উপদলগুলোর মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা এবং প্রতিবেশী আরব দেশগুলো আমাদের হস্তক্ষেপ না চাওয়ায় দুর্ভাগ্যবশত: এর জন্য সময় লাগছে।" জুপে বলেন, বেশিরভাগ আরব দেশই সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করলেও তুরস্ক পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগুচ্ছে। সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর দমনাভিযানের বিরুদ্ধে তুরস্ক সরকার চাপ দিচ্ছে। ওদিকে, প্রেসিডেন্ট আসাদ জানিয়েছেন, তার সরকার রাজনৈতিক সংষ্কারের ব্যাপারে আন্তরিক। বুধবার দামেস্কে আরব লীগের এক কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। আলজেরিয়া, ওমান, সুদান ও ইয়েমেনসহ ছয় সদস্য বিশিষ্ট ওই কমিটি আসাদের প্রতি অনুরক্ত বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৫ঘ.