ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বাস্তবায়নের পরিকল্পনা করছেন।
মঙ্গলবার রাজধানী সানায় মার্কিন রাষ্ট্রদূতকে তিনি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র এ খবর জানিয়েছে।
সালেহর এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। তবে সালেহকে তার অঙ্গীকার পূরণের ব্যাপারে জোর দেন তিনি।
ন্যুল্যান্ড বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র এই দুই পক্ষই সালেহকে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে ইয়েমেনি প্রেসিডেন্ট মার্কিন রাষ্ট্রদূত গেরাল্ড ফিয়ার্সটেইনের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এ কথা জানিয়েছেন।
"এটি একটি ইতিবাচক অগ্রগতি, তিনি রাষ্ট্রদূতকে ডেকে আমাদের কাছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যে, তিনি চুক্তিতে (ক্ষমতা হস্তান্তর) সই করবেন," বলেন ন্যুল্যান্ড।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, "এখন আমরা তার অঙ্গীকার বাস্তবায়ন ভালোভাবে সম্পন্ন হচ্ছে এটাই দেখার প্রত্যাশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.
bdnews24