ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঞ্জাব প্রদেশের গভর্নর সালামান তাসিরের আত্মস্বীকৃত খুনির মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকারী বিচারপতিকে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান সরকার।
মৌলবাদীদের হত্যার হুমকির মুখে বিচারপতি পারভেজ আলি শাহকে দেশের বাইরে পাঠানো হয় বলে জানা গেছে।
সন্ত্রাস-বিরোধী বিচার আদালতের ওই বিচারপতি তাসির হত্যাকারী মালিক মুমতাজ হুসেইন কাদরিকে চলতি বছরের ১ অক্টোবর ফাঁসির রায় দেন। ওই রায় ঘোষণার পরপরই একদল আইনজীবী আদালতে তার এজলাস ভাংচুর করেন।
এরপর প্রায় ৪০টি ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী বিচারক পারভেজ আলি শাহকে হত্যা করার জন্য পুরষ্কার ঘোষণা করে। বিচারপতি শাহকে যে হত্যা করতে পারবে তাকেই পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়।
আইনজীবীদের এজলাস ভাংচুরের পর বিচারপতি শাহকে ছুটিতে পাঠানো হয়। আর হত্যার হুমকি দেওয়ার পর তাকে স্বপরিবারে সৌদি আরব পাঠিয়ে দেয়া হয় বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
হত্যাকারী কাদরির বিচারে বিশেষ আইন কর্মকর্তার দায়িত্ব পালন করা সাইফুল মালুককেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার নিরাপত্তার জন্য পাকিস্তান সরকার দু'জন নিরাপত্তা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
পাকিস্তানের ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের বিরোধিতকা করে তা পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ায় পাঞ্জাব প্রদেশের গভর্নর ও ক্ষমতাসীর পিপলস পার্টির প্রভাবশালী নেতা সালমান তাসির নিজের দেহরক্ষী পুলিশ কমান্ডো মালিক মুমতাজ হোসাইন কাদরির (২৭) গুলিতে নিহত হন। আদালতে কাদরি খোলাখুলি স্বীকার করেছে, সে সালমান তাসিরকে ২৭টি গুলি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৮ ঘ.
bdnews24