তুরস্ক, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম পূর্বাঞ্চলীয় ভ্যান শহরের একটি কারাগারে দাঙ্গা হয়েছে। পাশাপাশি দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৫শ'জনে দাঁড়িয়েছে।
দেশটিতে রোববারের ভয়াবহ ভূমিকম্পের পর মঙ্গলবার ৫.৪ মাত্রার পরাঘাতে কারাবন্দিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর জেরেই দাঙ্গার হয় বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আকাশে আগুন ও ধোঁয়া দেখা গেছে। গোলাগুলির শব্দও শুনতে পান তারা।
রয়টার্স জানায়, কারাগার থেকে বের হতে না দেওয়ায় বন্দিরা কারাগারে আগুন লাগিয়ে দেয় এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
কারাগারের বাইরে থেকে আভসেল তুঘলুক নামে একজন আইন প্রণেতা বলেন, "ভূমিকম্পের পর একটি পরাঘাতের কারণে কারাবন্দিরা প্রাকৃতিকভাবে বায়ু প্রবেশের ব্যবস্থার অনুমতি চেয়েছিলো বলে আমরা শুনেছি।
"এ অনুমতি না পাওয়ায় তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে ও আগুন লাগিয়ে দেয়। আমাদেরকে এটাই বলা হয়েছে। তবে আমরা নিজ কানে গুলির শব্দ শুনেছি এবং পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে বলে জেনেছি।"
কান্দিলি পর্যবেক্ষণ ও ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট জানায়, নতুন করে আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ভ্যান ও এরসিসের মধ্যবর্তী দেগিরমেনোজু এলাকা।
তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান জানিয়েছেন, রোববারের ভূমিকম্পে এ পর্যন্ত ৪শ' ৬১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ১ হাজার ৩শ' ৫২ জন আহত হয়েছে।
বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য আশ্রয়ের ব্যস্থা করতে হিমশিম খাচ্ছে সরকার।
ওদিকে, ভূমিকম্পের তিনদিন পর বুধবার এরসিসে ধ্বংসস্তুপের ভেতর থেকে ২৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিরলসভাবে উদ্ধারকাজ করে যাচ্ছে কর্মীরা। কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবিত কাউকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে।
গৃহহীন কয়েক হাজার মানুষের জন্য আরো ত্রাণের অনুরোধ জানিয়েছে তুরস্কের সরকার। দাতা সংস্থ্যাগুলো হাসপাতাল ও রান্নাঘর স্থাপন করাসহ কয়েক হাজার তাঁবু ও কম্বল বিতরণ করেছে।
তবে সরকার যথাযথ সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বলে বিরোধী দলের রাজনীতিবিদ ও ভূমিকম্পে বেঁচে যাওয়ারা অভিযোগ করেছে।
ভ্যান প্রদেশের গভর্নর জানিয়েছেন, ভূমিকম্পের ফলে প্রায় ৩ হাজার ভবন ধসে বা অকেজো হয়ে পড়েছে। এতে প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এদের সবারই অস্থায়ী আবাস দরকার না হলেও সঠিক সংখ্যাটি এখনও স্পষ্ট নয়।
ত্রাণকর্মীরা তাঁবু বিতরণের সময় ত্রাণ নিতে আসা লোকজনদের মধ্যে মারামারি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রসের ১৭ ট্রাক ত্রাণ লুট হয়েছে। এর মধ্যে ছিল খাদ্য, গরম কাপড়, কম্বল ও কার্পেট।
রোববার গ্রিনিচ মান সময় ১০টা ৪১ মিনিটে এ ভূমিকম্পের পর ২০ টিরও বেশি পরাঘাত রেকর্ড করেছে তুরস্কের কান্দিল্লি অবজারভেটরি ইন্সটিটিউট।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর আগে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও কান্দিল্লি ইনস্টিটিউট পরে নিশ্চিত করে যে, এই মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তবর্তী তুর্কি শহর ভ্যান থেকে ২০ কিলোমিটার উত্তরে তাবানলি গ্রামে।
কান্দিল্লি অবজারভেটরি ইন্সটিটিউটের জেনারেল ম্যানেজার মুস্তফা রোববার এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪১ঘ.
bdnews24