পেশাওয়ার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের হাক্কানি জঙ্গি গ্র"প যুক্তরাষ্ট্রের সঙ্গে একা শান্তি আলোচনায় অংশ নেবে না। আলোচনা অবশ্যই তালেবান নেতৃত্বে হতে হবে বলে মঙ্গলবার জানিয়েছেন হাক্কানির এক ঊর্ধ্বতন কমান্ডার।
তালেবানের নেতৃত্ব বিষয়ক পরিষদকে ইঙ্গিত করে তিনি বলেন, "তালেবান শূরার সঙ্গে আলোচনা না করে বা এ পরিষদের সঙ্গে আলোচনার আগে তারা (মার্কিনিরা) আফগানিস্তান সমস্যার কোনো সমাধানে পৌঁছতে পারবে না।"
নাম প্রকাশ না করার শর্তে ওই কমান্ডার আরো বলেন, "এবারই প্রথম যুক্তরাষ্ট্র আমাদেরকে শান্তি আলোচনার জন্য ডাকেনি। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনার এ ধরনের আরো চেষ্টা চালিয়েছে। আমরা মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালেবানদের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তা প্রত্যাখান করেছি।"
তিনি আরো বলেন, "আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আগ্রাসী শক্তির কাছ থেকে স্বদেশভূমি আফগানিস্তানকে মুক্ত করা।"
যুক্তরাষ্ট্র তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হাক্কানি গ্র"পকে শান্তি আলোচনায় বসার জন্য প্রভাবিত করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান। হিলারি ও যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা প্রতিনিধিদের একটি দল ইসলামাবাদ সফরকালে এ আহ্বান জানানো হয়।
সেইসঙ্গে আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে সহায়তা না করলে আফগান ও পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৫৭ঘ.
bdnews24