নিউ ইয়র্ক, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ জি-টোয়েন্টি সম্মেলনের আগে শনিবার নতুন করে বিশ্বজুড়ে বিক্ষোভ ডেকেছে ওয়ালস্ট্রিট বিরোধীরা।
জি-টোয়েন্টি নেতাদের কাছে অর্থনৈতিক লেনদেন ও মুদ্রা-বাণিজ্যের ওপর 'রবিন হুড' কর আরোপের দাবি জানিয়ে এ আন্দোলনের ডাক দিয়েছে তারা।
ফ্রান্সে ৩-৪ নভেম্বর দুই দিনব্যাপী জি-টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগেই ওই ধরনের অর্থনৈতিক লেনদেনের ওপর এক শতাংশ করের দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভে নামবে আন্দোলনকারীরা।
এর আগে ১৫ অক্টোবর বিশ্বজুড়ে বিক্ষোভ করে ওয়ালস্ট্রিট বিরোধীরা। এ বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও রোমে সংঘর্ষ হয়।
অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে 'অকুপাই ওয়ালস্ট্রিট' আন্দোলনকারীরা ।
তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, "বিশ্বজুড়ে জুয়াঘরগুলোতে প্রতিদিন ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার পানির মতো ঝরছে। যা বিশ্বের পরিবেশগত ও সামাজিক উন্নয়নে অর্থায়নের জন্য যথেষ্ট। এ বিপুল পরিমাণ অর্থ অপচয় কমানোর স্পষ্ট বার্তাই আমরা তাদেরকে দিতে চাই। "
বশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে 'মুনাফালোভী' আখ্যায়িত করে সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে সোচ্চার ওয়ালস্ট্রিট বিরোধীরা।
এ প্রতিবাদের সূচনা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলনের মাধ্যমে। ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত 'কর্তৃত্ব' খর্ব করে অর্থনৈতিক সংস্কার চায় তারা।
পাঁচ সপ্তাহ আগে 'অকুপাই ওয়ালস্ট্রিট' আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত নিউ ইয়র্কসহ বিশ্বজুড়ে প্রায় ২ হাজার ৪শ' জন গ্রেপ্তার হয়েছে।
নিউ ইয়র্কের 'অকুপাই ওয়াল স্ট্রিট' আন্দোলন ও স্পেনের 'ক্ষোভের ' পর একই রকম বিক্ষোভ হয়েছে এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন শহরেও। এতে অংশ লাখ লাখ মানুষ অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২৯ঘ.
bdnews24