এরসিস, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তুরস্কে ভুমিকম্পের ২ দিন পর বিধ্বস্ত ভবনের ধ্বংস্তুপের ভেতর থেকে মঙ্গলবার দু' সপ্তাহের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।
রোববারের ভূমিকম্পে অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়ে মায়ের সঙ্গে চাপা পড়ে শিশুটি। চাপা পড়া অবস্থায় মা শিশুটিকে বুকে জড়িয়ে ধরে ছিল। শিশুটি উদ্ধার পেলও মা এখনও ধ্বংসস্তুপে আটকা পড়ে আছে।
আজরা নামের এ মেয়ে শিশুটি দুই সপ্তাহ আগে জন্মেছে বলে তার দাদি জানিয়েছে।
ধ্বংসস্তুপের নিচ থেকে বের করে শিশুটিকে দাদির কোলে তুলে দিয়েছে উদ্ধারকর্মীরা।
দাদি সেভিন ইজিত রয়টার্সকে বলেন, "কি বলব? আমি খুবই আনন্দিত। ঈশ্বর তাদের সহায় হোন।" এ সময় নিজের স্কার্ফের কোণ দিয়ে চোখের পানি মুছেন তিনি।
তবে শিশুটির বাবার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় তিনিও ওই ভবনে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪২ঘ.
bdnews24