২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ভূমিকম্পে নিহত ৩৬৬, উদ্ধারকাজ চলছে

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে রোববারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৬৬ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

এরসিস, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে রোববারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৬৬ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইরান সীমান্তবর্তী ভূমিকম্প বিধ্বস্ত ভ্যান প্রদেশে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশায় টন টন ইট সুরকি সরাচ্ছে উদ্ধারকারীরা। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ থেকে টেনে বের করছে শুধু লাশ আর লাশ। এরসিস এলাকার ধ্বংসস্তুপ থেকে সর্বশেষ ৫ টি লাশ উদ্ধার করা হয়েছে। তুরস্কের জরুরি বিপর্যয় মোকাবেলা বিষয়ক প্রশাসন মঙ্গলবার নিহতের সংখ্যা ৩৬৬ জনে এবং আহতের সংখ্যা ১,৩০১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে। ভূমিকম্পে ২ হাজারেরও বেশি ভবন ধসে পড়েছে বলেও জানিয়েছে তারা। এতে বাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ। এরসিসের বাসিন্দা ৫৩ বছর বয়সী এমিন কেরাম বলেন, "জীবনটা নরক হয়ে গেছে। বাইরে বসে আছি, খুব শীত। কোনো তাঁবুও নেই।" ২ হাজার ২৬২ জন এখনও নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। হতাহতের বেশিরভাগ ঘটনাই ঘটেছে এরসিস এবং প্রাদেশিক রাজধানী ভ্যান এ। কর্মকর্তারা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও জীবিতদের খোঁজ করছে। ভারী যন্ত্রপাতি এবং কুকুর নিয়ে সার্বক্ষণিক উদ্ধারকাজ চলছে। একটি ভবনের নীচে অন্তত ৫০ জন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্প দুর্গতদের জন্য ইতোমধ্যেই কিছু সাহায্য সরবরাহ করেছে তুরস্কের রেড ক্রিসেন্ট। এছাড়া আন্তর্জাতিক সাহায্যের প্রস্তাবও পেয়েছেন প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। রোববার গ্রিনিচ মান সময় ১০টা ৪১ মিনিটে এ ভূমিকম্পের পর ২০ টিরও বেশি পরাঘাত রেকর্ড করেছে তুরস্কের কান্দিল্লি অবজারভেটরি ইন্সটিটিউট। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর আগে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও কান্দিল্লি ইনস্টিটিউট পরে নিশ্চিত করে যে, এই মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তবর্তী তুর্কি শহর ভ্যান থেকে ২০ কিলোমিটার উত্তরে তাবানলি গ্রামে। কান্দিল্লি অবজারভেটরি ইন্সটিটিউটের জেনারেল ম্যানেজার মুস্তফা রোববার এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৯ঘ.