২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যুবরাজ সুলতানের দাফন মঙ্গলবার

সদ্য প্রয়াত সৌদি যুবরাজ সুলতানকে মঙ্গলবার দাফন করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তার দাফন অনুষ্ঠানে বিশ্ব নেতারা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

দুবাই, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সদ্য প্রয়াত সৌদি যুবরাজ সুলতানকে মঙ্গলবার দাফন করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তার দাফন অনুষ্ঠানে বিশ্ব নেতারা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন মলাশয়ের ক্যান্সারে ভুগে শনিবার নিউ ইয়র্কে মারা যান যুবরাজ সুলতান। তিনি সৌদি আরবের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও বিমান চলাচলমন্ত্রী ছিলেন। বর্তমান বাদশাহর পর তারই বাদশাহ হওয়ার কথা ছিল। সুলতানের মৃত্যুর পর সৌদি সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারীর নাম নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞরা প্রিন্স নায়েফকে এ দৌড়ে এগিয়ে রাখছেন। সৌদি আরবের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর পদে থাকা নায়েফ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন। তাছাড়া, বর্তমান বাদশাহ আব্দুল্লাহ দীর্ঘদিন থেকে অসুস্থ থাকায় তার অবর্তমানে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণের দায়িত্ব ভালোভাবেই পালন করে আসছেন নায়েফ। ফলে বিশেষজ্ঞরা বলছেন, নায়েফই হবেন সৌদি সিংহাসনের উত্তরাধিকারী। কেননা এর আগে প্রিন্স সুলতানের পর নায়েফ সৌদি বাদশাহ হবেন এমন আভাস দিয়ে ২০০৯ সালে তাকে দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিলো। উত্তরাধিকারের পথে দ্বিতীয় পছন্দের ব্যক্তিকেই সাধারণত এই পদটি দেওয়া হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৬ ঘ.