ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘণকারী ভারতীয় হেলিকপ্টারসহ আটক ৪ সেনা কর্মকর্তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
রোববার ভারতের একটি চিতা হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। পাকিস্তানের সেনাবাহিনী সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারটিকে অবতরণে বাধ্য করে এবং কপ্টারে থাকা ৪ ভারতীয় সেনা কর্মকর্তাকে আটক করে।
হেলিকপ্টারটিতে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেল, দুই মেজর এবং একজন জুনিয়র কমিশন অফিসার ছিলেন। তাদের সবাইকেই আটক করা হয়েছে বলে জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা।
রোববার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে হেলিকপ্টারটি ভারতীয় কাশ্মির সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় স্কার্দু অঞ্চলের ওল্ডিং সেক্টর দিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল।
এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আতহার আব্বাস রয়টার্সকে বলেন, "হেলিকপ্টারটি আমাদের আকাশসীমার অনেক ভেতরে চলে এলে অবতরণে বাধ্য করা হয়। হেলিকপ্টারে থাকা চারজন ভারতীয় সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তারা নিরাপদে আছেন।"
তিনি আরো জানান, বিষয়টি ভারতকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।
ওদিকে, ভারতের টেলিভিশনের খবরে বলা হয়, চিতা হেলিকপ্টারটি কোনো দুরভিসন্ধি নিয়ে আকাশসীমা লঙ্ঘন করে নি। পার্বত্যাঞ্চলে বরফ এবং খারাপ আবহাওয়ার কারণে এমনটি হয়েছে।
টাইমস নাও টেলিভিশনে এক বিবৃতিতে ভারতের সেনা বাহিনী বলেছে, খারপ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ রেখায় পথ হারিয়ে চিতা হেলিকপ্টার পাকিস্তানের অংশে ঢুকে পড়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পেলেও অখণ্ড ভারতবর্ষ পাকিস্তান ও ভারত এই দু'টি রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। ওই সময় থেকে এ পর্যন্ত প্রতিবেশী এই দু'টি দেশ তিন বার পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ওই তিন যুদ্ধের মধ্যে দু'টিই কাশ্মিরের বিতর্কিত অঞ্চলকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/সিআর/১০৩৮ ঘ.
bdnews24