এরসিস, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৪ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরো শ শ মানুষ।
স্বরাষ্ট্রমন্ত্রী ইদ্রিস নাঈম শাহিনের উদ্ধৃতি দিয়ে এনটিভি জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৬৪ তে পৌঁছেছে।
নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরসিস শহর। সেখানে ১ হাজার বাড়ি ধ্বংস হয়েছে।
প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান ওই এলাকা পরিদর্শন করেছেন। প্রায় ৯৭০ টি ভবন ধসে পড়েছে বলে জানানো হয়েছে তার কার্যালয় থেকে।
তুর্কি উপপ্রধানমন্ত্রী বসির আতালে জানান, ভূমিকম্পে সাড়ে ১৩শ'র বেশি মানুষ আহত হয়েছে। অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলেও ধারণা করা হচ্ছে।
উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে প্রায় ২ হাজার ৪০০ কর্মী। ধ্বংসস্তুপে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। রয়টার্সের এক চিত্রগ্রাহক ধসে পড়া বভনের ধ্বংসস্তুপের ভেতর থেকে মা ও মেয়েকে উদ্ধার করতে দেখেছেন।
ধ্বংসস্তুপে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। রয়টার্সের এক চিত্রগ্রাহক ধসে পড়া বভনের ধ্বংসস্তুপের ভেতর থেকে মা ও মেয়েকে উদ্ধার করতে দেখেছেন।
ওদিকে ধসে যাওয়া চারতলা একটি ভবনের কাছে দাঁড়িয়ে এক নারী জানিয়েছেন, ভেতরে তার বন্ধু আটকা পড়ে আছে।
তিনি বলেন, "আমার বন্ধু বেঁচে আছে বলে জানিয়েছে। এ ভবনটির সিঁড়ির কাছে আটকা পড়েছে বলে ফোনে আমাকে জানিয়েছে সে।"
রোববার গ্রিনিচ মান সময় ১০টা ৪১ মিনিটে এ ভূমিকম্পের পর ২০ টিরও বেশি পরাঘাত রেকর্ড করেছে তুরস্কের কান্দিল্লি অবজারভেটরি ইন্সটিটিউট।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর আগে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ বলে জানালেও কান্দিল্লি ইনস্টিটিউট পরে নিশ্চিত করে যে, এই মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তবর্তী তুর্কি শহর ভ্যান থেকে ২০ কিলোমিটার উত্তরে তাবানলি গ্রামে।
কান্দিল্লি অবজারভেটরি ইন্সটিটিউটের জেনারেল ম্যানেজার মুস্তফা রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের হিসাব মতে, প্রায় ১ হাজার ভবন ধ্বংস হয়েছে। কয়েকশ মানুষ নিহত হয়েছে বলেই ধারণা করছি আমরা। নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৭ঘ.
bdnews24