তিউনিস, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলির পতনের ৯ মাস পর রোববার প্রথম নির্বাচন শুরু হয়েছে।
তিউনিসিয়ার ইতিহাসে এটিই প্রথম অবাধ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা ২১৭ আসনের একটি পরিষদ নির্বাচন করবে যার কাজ হবে নতুন খসড়া সংবিধান রচনা করা এবং অন্তবর্তী সরকার গঠন করে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পট প্রস্তুত করা।
নির্বাচনে 'ইসলামিস্ট এনাদাহ পার্টি' বেশিরভাগ ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট নাও পেতে পারে বলে আশঙ্কা আছে। বেন আলির আমলে দলটি নিষিদ্ধ ছিলো।
আর এখন এনাদাহ পার্টির উত্থানে তিউনিসিয়ার অসাম্প্রদায়িক অভিজাতরা তাদের ধর্ম নিরপক্ষে মূল্যবোধ হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন।
তিউনিসিয়ায় দারিদ্র, বেকারত্ব এবং সরকারের নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি।
তিউনিসিয়ায় বিক্ষোভে এ সাফল্যের অনুপ্রেরণায়ই গোটা আরব বিশ্ব জুড়ে সরকার-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ঘ.
bdnews24