২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই ইরাক থেকে সব সেনা প্রত্যাহার: ওবামা

২০১১ সালের শেষ নাগাদ ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১১ সালের শেষ নাগাদ ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে শুরু হওয়া এ যুদ্ধের প্রায় নয় বছর পর মধ্যপ্রাচ্যের দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের এ ঘোষণা দিলেন তিনি। ইরাকে বর্তমানে প্রায় ৩৯ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ২০০৮ সালে এ সংখ্যা ছিলো ১ লাখ ৬৫ হাজার। শুক্রবার ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর হোয়াইট হাউজে ওবামা সাংবাদিকদের বলেন, "প্রায় নয় বছর পর ইরাকে আমেরিকার যুদ্ধ শেষ হবে।" এ সময় ইরাকি সরকারকে সহায়তা অব্যাহত রাখা এবং তাদের উন্নয়ন অংশীদার হিসেবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্র"তিও দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৩ সালের মার্চে ইরাকে অভিযান শুরু থেকে এ পর্যন্ত সেখানে ৪ হাজার ৪০৮ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। ২০১০ সালে ইরাকে নিজেদের যুদ্ধ অভিযানের (কমব্যাট মিশন) সমাপ্তি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। জর্জ ডব্লিউ বুশের সময়ই ২০১১ সালের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়। অবশ্য পরবর্তীতে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে নানামুখী বিতর্ক চলতে থাকে। সামরিক প্রশিক্ষণের জন্য ৫ হাজার মার্কিন সেনাকে নিজেদের দেশে রাখতে চেয়েছিলেন ইরাকের নেতারা। তবে ইরাকি আইনের আওতায় বিচার থেকে তাদেরকে অব্যাহতি না দেওয়ায় পেন্টাগন কোনো সেনা সেখানে রাখতে রাজি হয়নি। ওবামা বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় নতুন রাজনৈতিক বাস্তবতাসহ মার্কিন সেনাবাহিনীর কার্যপ্রণালীতে গুরুত্বের পরিবর্তনের মধ্যেই ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এএমটি/১৯৫৫ ঘ.