মিসরাতা, লিবিয়া, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাচ্যুত নিহত নেতা গাদ্দাফির মৃতদেহ কবর দেওয়ার সুযোগ চেয়েছে তার পরিবার ও তার নিজ গোত্রের সদস্যরা। সির্তেয় বিদ্রোহী যোদ্ধাদের হাতে ধরা পড়ে নিহত হন গাদ্দাফি। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মৃতদেহ মিসরাতার একটি হিমাগারে রাখা হয়েছে।
গাদ্দাফির সমর্থক সিরিয়া ভিত্তিক একটি টেলিভিশন স্টেশন থেকে লিবিয়ার বাইরে থাকা গাদ্দাফি পরিবারের সদস্যরা গাদ্দাফি ও অন্যান্যদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানায়।
বৃহস্পতিবার নিজ জন্মশহর সির্ত থেকে একটি গাড়ি বহর নিয়ে পালানোর সময় ছেলে মোতসসিমসহ নিহত হন গাদ্দাফি। পরিবারে পক্ষ থেকে মোতসিমের মৃতদেহও হস্তান্তরের দাবি জানানো হয়।
এ বিষয়ে সিরিয়ান ওই টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, "বৃহস্পতিবার শহীদ হওয়া গাদ্দাফি, মোতাসসিম ও অন্যান্য শহীদদের মৃতদেহ সির্তের নিজ গোত্রের লোকদের কাছে তুলে দিতে অন্তর্র্বতী জাতীয় পরিষদের ওপর চাপ সৃষ্টি করতে আমরা জাতিসংঘ, ইসলামি সম্মেলন সংস্থা ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অনুরোধ জানাচ্ছি।"
"ইসলাম ধর্মীয় রীতি ও করণীয় মেনে তাদের কবর দেয়ার সুযোগ দিতে তাদের লাশ নিজ গোত্রের লোকদের কাছে হস্তান্তর করা হোক", বলেন তারা।
গাদ্দাফির মৃতদেহ নিয়ে কি করা হবে, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি লিবিয়ার ক্ষমতাসীন অন্তর্র্বতী পরিষদের (এনটিসি) নেতারা।
মিসরাতায় গাদ্দাফির মৃতদেহ যেখানে রাখা আছে সেখানে উপস্থিত স্থানীয় এক এনটিসি কমান্ডার জানান, "একজন মুসলিম হিসেবে গাদ্দাফিকে তার প্রাপ্য অধিকার দেওয়া হবে। তার মৃতদেহের গোসল করানোসহ সব ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করেই তাকে দাফন করা হবে।"
"আমি আশা করছি আগামী ২৪ ঘন্টার মধ্যেই তাকে একটি কবরস্থানে দাফন করা হবে," বলেন তিনি।
বৃহস্পতিবার নিজ জন্মশহর সির্ত ছেড়ে পালানোর সময় এনটিসি সেনাদের হাতে ধরা পড়ে নিহত হন লিবিয়ার এক সময়ের দোর্দন্ড প্রতাপশালী শাসক গাদ্দাফি। তিনি একটানা ৪২ বছর লিবিয়া শাসন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.
bdnews24